সময় নষ্ট না করে এখনই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদকরণের কাজ শুরু করতে হবে: গোলটেবিল বৈঠকে বক্তারা
দৈনিক প্রথম আলো, দি ডেইলী স্টার ও বেসরকারি সংস্থা সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর যৌথ উদ্যোগে ডেইলী স্টার সম্মেলন কক্ষে শনিবার সকালে ‘ভোটার তালিকা নিয়ে জটিলতা: কার কি করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সময় নষ্ট না করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার ওপর আলোকপাত করেন।
সুজনের সভাপতি অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন- এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
বৈঠকে ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
অধ্যাপক মোজাফ্ফর আহমদ তার বক্তব্যে বলেন, নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্যতম পূর্বশর্ত। নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের জন্য সময় নষ্ট না করে এখনই বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদকরণের কাজ শুরু করতে হবে।
তিনি বলেন, এদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করে তুলতে হবে। ভোটার তালিকা নিয়ে জনমনে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে জনগণ চায় নির্বাচন হোক।
তিনি বলেন, গণতন্ত্রের জন্যই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার করতে হবে এবং ক্রমান্বয়ে তাদের চলে যেতে হবে। নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করে তুলতে হবে, রাজনৈতিক দলের মাঝে গণতন্ত্র আনতে হবে, এছাড়া মনোনয়নে স্বচ্ছতা আনতে হবে এবং মনোনয়ন যাতে বিক্রি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
ড. কামাল হোসেন বর্তমান নির্বাচন কমিশনের ব্যাপারে বলেন ‘সরকার, সচেতন নাগরিক, মিডিয়া, বিরোধী দল সবার মধ্যে যখন প্রশ্ন উঠেছে তখন আর বিতর্ক থাকতে পারে না। তাই এখন তাদের স্বসম্মানে সরে যাওয়া উচিত। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করার যে কথা এসেছে তা নিয়ে এখন আর বিতর্কের অবকাশ নেই। সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের প্রক্রিয়া সবার আস্থাভাজন হতে হবে।
বিচারপতি নইমউদ্দিন বলেন, ভোটার তালিকা নিয়ে হাইকোর্ট ডিভিশনে যাবার প্রয়োজন ছিল না, এ বিষয়ে আইনেই সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি এ সর্ম্পকিত আইনের বিভিন্ন ধারার ব্যাখ্যা করেন।
মাহফুজ আনাম তার বক্তব্যে বলেন, ডেইলী স্টার, প্রথম আলো ভোটার তালিকা সম্পর্কিত এ সকল প্রশ্নের সাথে নিজেদের সম্পৃক্ত করেছে। নাগরিক দ্বায়িত্ববোধ থেকেই আমরা এ কাজ করছি। সিইসিসহ দুইজন কমিশনারকে পদত্যাগ করতে হবে। আইনী দিকগুলো তুলে ধরে আমরা এর জন্য জনমত গঠন করেছি। বর্তমান সিইসি’র নেতৃত্বে সঠিক ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিচারপতি নইমউদ্দিন আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জনাব এম হাফিজ উদ্দিন খান ও জনাব এএসএম শাহজাহান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মুসলেহউদ্দিন আহমদ, রাজনীতিবিদ আবদুল মতিন খসরু, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসা ও সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ফেমা’র প্রেসিডেন্ট মুনিরা খান, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-এর সভাপতি এ.এইচ এম নোমান, মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
