২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে ৬১২৪ কোটি টাকার থোক বরাদ্দ সরকারের জন্য নয়, বরং বিরোধী দলের সুবিধার জন্যই রাখা হয়েছে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার বলেছেন, প্রস্তাবিত বাজেটে ৬ হাজার ১’শ ২৪ কোটি টাকার থোক বরাদ্দ সরকারের সুবিধার জন্য নয়, বরং বিরোধী দলের সুবিধার জন্যই রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তিনি আরো বলেন, চিনিসহ দুটি পণ্য ছাড়া বাকি সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ভারতের চেয়ে কম। আর্ন্তজাতিক বাজারে পণ্যের দাম বাড়লে ট্যাক্স কমিয়েও পণ্যের দাম কম রাখা যায় না।

জাতীয় সংসদে বুধবার ২০০৬-০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনাকালে অর্থমন্ত্রী সাইফুর রহমান এ কথা বলেন।

১২ টি বাজেট দিয়ে দেশের ১২ টা বাজিয়েছেন বলে বিরোধী দলের অভিযোগের জবাবে সাইফুর রহমান বলেন, বাজেট দিয়ে যদি দেশের ১২ টা বাজিয়ে থাকি, তাহলে শিল্পের প্রবৃদ্ধি হয় কি করে।

বাজেট ঘাটতি সম্পর্কে মন্ত্রী বলেন, আর্ন্তজাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তেল আমদানি করতে গিয়ে সরকার কঠিন চাপের মধ্যে পড়েছে। এ অবস্থায় বাজেট ঘাটতি দোষের কিছু নয়।

কালো টাকা সাদা করা সম্পর্কে তিনি বলেন, ১৯৯৯ সালে গাড়ি, বাড়ি ও জমি ক্রয় করে ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। আমি ওই সুযোগ অব্যহত রেখেছি, কিন্তু ট্যাক্স বাড়িয়ে দিয়েছি।

চিনির দাম কমানো সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, প্রতি ৫ টন চিনি আমদানির ক্ষেত্রে ৫ হাজার টাকা করে আমদানি শুল্ক নির্ধারণ করে দেওয়া হয়েছে। চিনি রিফাইনারিং খাতের জন্য প্রতি ৫ টনে ২ হাজার ৫’শ টাকা শুল্ক নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরফলে চিনির দাম প্রতি কেজি ৩৫ টাকায় নেমে আসবে। এছাড়া পেঁয়াজ, মরিচ ও আদাসহ ভোজ্য পণ্যের আমদানি শুল্ক কমানোর জন্য বাজেটে প্রস্তাব করা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ আগের মতো বিদেশী ঋণ ও সাহায্য নির্ভর নয়। প্রস্তাবিট বাজেটের মাত্র ১২ শতাংশ বিদেশী ঋণ ও সাহায্য পাওয়ার প্রস্তাব করা হয়েছে। তাই বিদেশীদের পরামর্শ ও সাহায্য নিয়ে চলার উপর আমরা নির্ভরশীল এ ধারণা ঠিক নয়।