২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল বন্ধে তত্ত্বাবধায়ক সরকারের সময় চুক্তি স্বাক্ষরে বিএনপি ও আ. লীগের সমঝোতা

হরতাল কর্মসূচি বন্ধ করতে আগামী তত্ত্বাবধায়ক সরকারের সময় চুক্তি স্বাক্ষরে বিএনপি ও আওয়ামী লীগ সমঝোতায় পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বুধবার সংসদ অধিবেশনের বাজেট আলোচনায় অংশগ্রহণকালে সরকার ও বিরোধী দলীয় নেতৃবৃন্দ এ বিষয়ে একমত হন। এ বিষয়ে বিরোধী দলীয় উপনেতা অ্যাড. আব্দুল হামিদের প্রস্তাবে সরকারি দল বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সমর্থন জানান।

ওই প্রস্তাবে বলা হয়, আগামীতে যে দলই বিরোধী দলে থাকুক, তারা হরতাল করবে না, এ মর্মে দলগুলো তত্ত্বাবধায়ক সরকার আমলে একটি চুক্তি স্বাক্ষর করবে।

এছাড়া দেশের সর্বগ্রাসী দুর্নীতি বন্ধে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ সকল সংসদ সদস্যদের সম্পত্তির হিসাব প্রদানের বিষয়েও তারা একমত হন।

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তার বক্তব্যে অ্যাড. আব্দুল হামিদের বক্তব্যের সাথে একমত প্রকাশ করে বলেন, শুধু হরতাল নয়, অবরোধের মত কর্মসূচিও বন্ধে একটা উদ্যোগ নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে আমরা এ ব্যাপারে একটি কার্যকর সিদ্ধান্ত নিতে পারি। এ ব্যাপারে নতুন আইনও করা যেতে পারে।

তিনি আরো বলেন, কোনো কারণ ছাড়াই সংসদ বর্জন কীভাবে বন্ধ করা যায়, সেটিও ভেবে দেখা দরকার। এমনকি দেশের শিক্ষার মানোন্নয়নে ছাত্র রাজনীতি বন্ধ এবং মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক নিয়োগ দিতে হবে।

সংস্কার প্রস্তাবের বিষয়ে বিরোধী দলের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উপস্থাপন করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আলোচনা চায় না বলেই তারা নতুন নতুন শর্ত জুড়ে দিচ্ছেন। ইসলামী ঐক্যজোটের একাংশ বিরোধী দলীয় নেতার সাথে দেখা করে যেন মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। অবস্থাটি এমন যে, তাদের বিরোধিতা করলে রাজাকার। আর পক্ষে বললে মুক্তিযোদ্ধা। জামায়াতও যদি এখন তাদের সাথে যায়, তাহলে তারাও মুক্তিযোদ্ধা হয়ে যাবে।

তিনি বিরোধী দলের এ মনোভব পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, আপনাদের দুজন নিয়ে আপত্তি। আসুন আমাদের একজনকে বাদ দিয়ে কমিটিতে আমি থাকবো। দুর্নীতিকে কঠিন ব্যাধি হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যেও তিনি আহ্বান জানান।

জঙ্গিবাদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়েই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। কিন্তু তারা তা দমনে ব্যর্থ হয়েছেন। আমরা দমন করেছি। জঙ্গিদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে শাস্তি দিয়েছি।

বিরোধী দলীয় উপনেতা অ্যাড. আব্দুল হামিদ সরকারের হরতালবিরোধিতার সমালোচনা করে বলেন, আমাদের নেত্রী হরতাল না করার প্রস্তাব দিয়েছিলেন। অপনারা মানেননি। আপনারা হরতাল করে ক্ষমতায় গিয়েছিলেন, আমরা করবো না, তা হতে পারে না। হরতাল বন্ধ করতে চাইলে আসুন, আমরা আগামী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে বসে সর্বসম্মত সিদ্ধান্ত নিই, যারাই বিরোধী দলের থাকি না কেন, ভবিষ্যতে হরতাল করবো না এবং এ মর্মে চুক্তিও স্বাক্ষর করি।

তিনি বলেন, সব নীতির বারোটা বাজিয়েছে দুর্নীতি। এ সরকার দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতেও চ্যাম্পিয়ন হবে। যেখানে সর্বগ্রাসী দুর্নীতি, সেখানে কী করে অগ্রগতি আশা করা যায়।

তিনি আরো বলেন, আসুন এই সর্বগ্রাসী দুর্নীতি বন্ধে আমরা আমাদের সম্পত্তির হিসাব দাখিল করি। একাত্তর সালে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর সম্পত্তি কী ছিলো আর এখন কী আছে। যদি বেশি কিছু হয়ে থাকে, তবে রাষ্ট্রের কাছে ফেরত দেবো। শুধু দুই নেত্রীই নয় আমরা তিনশ জন সাংসদও এই হিসাব দেবো। সাংসদদের এই হিসাব দেওয়া শুরু হলে সরকারি কর্মকর্তা কর্মচারিরা সতর্ক হয়ে যাবে। দুর্নীতিও বন্ধ হবে।

সংস্কার প্রস্তাব বিষয়ে তিনি বলেন, আলোচনার জন্যে বিএনপির কমিটিতে এমন দু’জনের নাম রয়েছে, যারা যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত। তাদের সাথে আমরা আপোস করতে পারি না।

রাষ্ট্রপতি নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে আব্দুল হামিদ বলেন, রাষ্ট্রপতি চিকিৎসা শেষে দেশে ফিরে বঙ্গভবনে যাওয়ার সময় তার গাড়িতে জাতীয় পতাকা ছিল, কিন্তু রাষ্ট্রপতির পতাকা ছিল না। এ কিসের আলামত? তিনি অতি দ্রুত জাতির এই বিভ্রান্তি দূর করার আহ্বান জানান।

এ ছাড়া জোট সরকার সাংবাদিক নির্যাতনের সকল রেকর্ড ভঙ্গ করেছে উল্লেখ করে তিনি সরকারের অত্যাচার--নির্যাতন বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

অন্যদিকে বাজেট আলোচনায় অংশ নিতে গিয়ে বেগম রওশন এরশাদ বলেন, এই বাজেট আমরা প্রত্যাখ্যান করি না। আবার প্রশ্ন ছাড়া মেনেও নিতে পারি না।

কারণ দেশে দ্রব্যমূল্য বেড়েছে, বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। দফায় দফায় জ্বালানি তেলের দাম বেড়েছে। শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। জাতীয় পার্টির সময়ে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়নি।

তিনি থোক বরাদ্দ সম্পর্কে উত্থাপিত জনগণের প্রশ্নের বিস্তারিত ব্যাখারও দাবি জানান।