২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চুরির প্রক্রিয়া হাতে রাখতে খালেদা জিয়া নিজেই রাষ্ট্রপতি হচ্ছেন : শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেছেন, ভোট চুরির সকল প্রক্রিয়া নিজের হাতে রাখতে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদের বিশ্রামের জন্যে নির্ধারিত ১৫ দিনের মধ্যেই তাকে সরিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজেই ওই পদ দখল করতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তিনি বলেন, কিন্তু রাষ্ট্রপতি হয়ে জনগণের ভোট চুরি করে আবার ক্ষমতায় আসার কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ বরদাশত করবে না। জনগণের ভোটাধিকার নিয়ে খালেদা জিয়াকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের ঐতিহ্য, সংগ্রাম ও প্রতিষ্ঠার ৫৭ বছর উদযাপন উপলক্ষে মঙ্গলবার ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এক দেশে দুই রাষ্ট্রপতি থাকতে পারেন না -- উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসা শেষে দেশের মাটিতে পা রাখার পরে তিনিই (অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ) রাষ্ট্রপ্রধান। সংবিধান অনুযায়ী সেখানে কোনো অস্থায়ী রাষ্ট্রপতি থাকতে পারেন না। আর কেউই তখন রাষ্ট্রপতির পতাকা ও মনোগ্রাম ব্যবহার করতে পারেন না। রাষ্ট্রপতি দেশে ফেরার পর স্পিকার আর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে পারেন না। 

বিরোধী দলীয় নেতা বলেন, স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার যতোই প্রধানমন্ত্রীর আনুগত্য দেখান না কেন, অস্থায়ী ছাড়া তিনি আর স্থায়ীভাবে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পাবেন না। কারণ ভোট কারচুপির মাধ্যমে আবার ক্ষমতায় আসতে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতি হতে চান। খালেদা জিয়া এখন আর কাউকেই বিশ্বাস করতে পারেন না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি অভিযোগ করেন, দলীয় সন্ত্রাসীদের দিয়ে গার্মেন্ট কারখানায় আগুণ লাগিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলেছিলেন। কিন্তু তিনি (রাষ্ট্রপতি) তাতে রাজি না হওয়ায় এখন তার নিজেরই রাষ্ট্রপতি হওয়ার খায়েশ হয়েছে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার সরকারকে ‘জঙ্গি সন্ত্রাসীদের স্রষ্টা, মদদদাতা ও গ্রেনেড বোমা হামলাকারী’ আখ্যায়িত করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমেরিকায় গিয়ে প্রেসিডেন্ট বুশের একটা অ্যাপয়েনমেন্ট পাওয়ার জন্য বাংলা ভাই ও শায়খ আবদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গ্রেফতারের পর এখন তাদের (জঙ্গি নেতা) জামাই আদরে রাখা হচ্ছে। অথচ সংবিধান অনুযায়ী ফাঁসির আসামীকে কনডেম সেলে রাখার কথা থাকলেও এয়ার কণ্ডিশনড রুমে রেখে তাদের দেওয়া মেন্যু ও ইচ্ছে অনুযায়ী ভালো ভালো খাবার পাঠানো হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়া যদি বুঝতে পারেন যে, জঙ্গি নেতাদের ফাঁসি দিলেই বুশের সঙ্গে দেখা করার বিষয়টি নিশ্চিত হয়, তবে তিনি (প্রধানমন্ত্রী) এখন তাই করবেন।

আওয়ামী লীগ প্রেসিডয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন, জিল্লুর রহমান এমপি, সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুকুল বোস, আখতারুজ্জামান, ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক শামসুল হুদা হারুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক একে আজাদ চৌধুরী, সাংবাদিক হাবিবুর রহমান মিলন, অসীম কুমার উকিল ও মহানগর নেতা সাইদ খোকন আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি রবীন্দ্র গোপ ও স্থপতি ইয়াফেস ওসমান ।