‘অস্থায়ী রাষ্ট্রপতি’ শব্দটির ব্যবহার সঠিক নয়: মওদুদ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার বলেছেন, ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ শব্দটির ব্যবহার সঠিক নয়।
তিনি বলেন, সংবিধানে অস্থায়ী বা সাময়িক রাষ্ট্রপতির কোনো বিধান নেই। রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন থেকে তৈরি প্রেসবিজ্ঞপ্তিতে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে অস্থায়ী রাষ্ট্রপতি উল্লেখ করা সঠিক হয়নি।
আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ অথবা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমিরউদ্দিন সরকার অফিসিয়াল প্রটোকল এবং পতাকা ব্যবহার করতে পারবেন কি--না, সংবিধানে তার কোনো সুস্পষ্ট ব্যখ্যা নেই।
তিনি বলেন, অফিসিয়াল প্রটোকল ও পতাকা ব্যবহারের বিষয়টি সংবিধানে উল্লেখ নেই। প্রটোকলের বিষয়টি প্রটোকল অফিসের মাধ্যমেই হয়ে থাকে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তার মন্ত্রণালয়ের মাসিক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, অধ্যাপক সংবিধান অনুযায়ী ইয়াজউদ্দিন দেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কার্যালয় সম্পর্কে বিতর্কের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, রাষ্ট্রপতি অসুস্থ থাকায় স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যারা এ ব্যাপারে প্রশ্ন তুলছেন, তারা বিষয়টিকে রাজনৈতিক খাতে প্রভাবিত করতে চান।
এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার রাষ্ট্রপতির দৈনন্দিন ফাইল ওয়ার্কগুলো করছেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, বর্তমান সরকার বিচার পদ্ধতিতে প্রায়োগিক কিছু পদক্ষেপ নিয়েছে এবং মামলা ব্যবস্থাপনা ও বিচার পদ্ধতি আধুনিকায়নে সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন, আমরা কমপক্ষে ৩০,০০০ দরিদ্র মানুষকে বিনামূল্যে অথবা ন্যূনতম খরচে আইনি সহায়তা দিয়েছি।
প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে আইন সচিব আলাউদ্দিন সরদার উপস্থিত ছিলেন।
