সংসদে বাজেট আলোচনা অব্যাহত
জাতীয় সংসদে ২০০৬ - ০৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনা অব্যাহত রয়েছে।
আগামী ২৯ জুন সংসদে বাজেট পাসের লক্ষ্যে নির্ধারিত সময় আলোচনা শেষ করতে মঙ্গলবার থেকে সংসদের বৈঠক দু’বেলা করে শুরু হয়েছে।
বিকেলের বৈঠকে যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, সাংবাদিক ও মিডিয়া কমিশনের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রাষ্ট্রপতি নিয়ে বিতর্কের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচিত রাষ্ট্রপতির ওপর আর কোনো রাষ্ট্রপতি থাকতে পারে না। কিন্তু একটি মহল ‘হাসিনা মার্কা’ বক্তব্য দিয়ে ধুম্রজাল সৃষ্টি করছে। যেনো নির্বাচনকে বানচাল করতে কোনো একটি ইস্যু সৃষ্টি করা যায়।
আলোচনা অংশ নিয়ে আসাদুজ্জামান নূর বলেন, এ ১২তম বাজেটটি দেশের ১২টা বাজানোর জন্য কিনা তা দেশের মানুষই বিবেচনা করবে।
শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রস্তাব একটি রাজনৈতিক আলোচনা। আমরা বর্তমানে সংসদে আছি। তাই আমাদের সাথে আলোচনায় সমস্যা কিসের? তারাতো আমাদের সাথে সরকার গঠন করতে চেয়েছিলো। আমরা যায়নি বলেই, আমাদের অস্তিত্ব অস্বীকার করতে চায়। আলোচনার ব্যাপারে তারা আন্তরিক হলে অবাস্তব ও অযৌক্তিক শর্ত জুড়ে দিতেন না। নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক সৃষ্টি করা অনাকাঙ্খিত।
নিজামী আরো বলেন, গত পাঁচ বছরে দেশে যে বিনিয়োগ প্রস্তাব এসেছে তা বিগত ৩০ বছরের তুলনায় দ্বিগুণ। এ কারণে কিছু মহল গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টি করেছে। সরকারি কর্মকাণ্ডের চুলচেরা বিশ্লেষণ করা বিরোধী দলের অধিকার। কিন্তু তাদের কর্মকাণ্ডও বিশ্লেষণের দাবি রাখে।
বিকেলের বৈঠকে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও আওয়ামী লীগের ড.আব্দুর রাজ্জাক অংশ নেন।
এর আগে সকালের বৈঠকে আব্দুর রাজ্জাক বলেন, প্রস্তাবিত বাজেট তিন সরকারের বাস্তবায়নের বাজেট। কিন্তু এ বাজেট কখনোই বাস্তবায়িত হবে না। এটা ধোকাবাজ ও দায়িত্বহীন বাজেট। ইসলামী মূল্যবোধের কথা বলে এ বাজেটে পানি আর মদের দাম সমান করা হয়েছে।
তিনি বলেন, জোট সরকার সংসদীয় গণতন্ত্র ধ্বংস করছে। জামাতের দৌরাত্মে বিএনপিও কোণঠাসা হয়ে পড়েছে। সংসদেও তারা ঠিকমতো কথা বলতে পারছে না।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এক দেশে দুই রাষ্ট্রপতি কি করে হয়। অস্থায়ী রাষ্ট্রপতিও বিব্রত বোধ করছেন।
এএসএইচকে সাদেক জোট সরকারকে ‘বেতালা সরকার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এ বাজেট গণমুখি নয়। বাজেটে দেশের চার কোটি ৪৩ লাখ কর্মক্ষম জনশক্তির সমস্যা সমাধানে কোনো উক্তি নেই।
তিনি বলেন, চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত মাত্র ৬৩ শতাংশ রাজস্ব আদায় করা হয়েছে। অন্যদিকে সরকার ১৪ হাজার ৫৮০ কোটি টাকার ব্যাংক ঋণ নিয়েছে।
সকালের বৈঠকে আলোচনায় আরো অংশ নেন বিএনপির বিমান প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম খান আলমগীর, ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অধ্যাপক জয়নাল আবেদীন, জয়নাল আবেদীন ফারুক, বেগম সারোয়ারী রহমান, সালাউদ্দিন আহম্মেদ, কেএম আনোয়ারুল ইসলাম এবং হোসনে আরা গিয়াস, আওয়ামী লীগের ডা. আমানউল্যাহ, জাতীয় পার্টির শাহ মোহাম্মদ সোলায়মান আলম, মেরিনা রহমান, জামায়াতের আব্দুস সুবহান ও স্বতন্ত্র সদস্য এমএম শাহীন।
