২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের ৫টি অধিবেশনে কোরাম সংকটে অপচয় আড়াই কোটি টাকা: টিআইবি রিপোর্ট

অষ্টম জাতীয় সংসদের ২০০৫ সালে পাঁচটি (পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, এবং ঊনবিংশতম) অধিবেশনে কোরাম সংকটের কারণে দুকোটি ৯১ লাখ ৪৫ হাজার টাকা অপচয় হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 04:27 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

গত বছর ওই পাঁচটি অধিবেশনে সংসদে অনুপস্থিত সদস্যদের অধিকাংশই ব্যবসায়ী। এতে সাংসদরা নেতা -- নেত্রীর প্রশংসা করেছেন ২০২ বার। প্রধান বিরোধী দল আওয়ামী লীগ মোট কার্যদিবসের ৯৮ দশমিক চার ভাগ অনুপস্থিত ছিলো। এছাড়া এতে যোগাযোগ মন্ত্রণালয়ের ১২ হাজার ৭৭৫ কোটি ৫১ লাখ টাকার সর্বাধিক অডিট আপত্তি ছিলো।

জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে টিআইবি’র (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ) প্রকাশিত ‘পার্লামেন্ট ওয়াচ ২০০৫’ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

এতে টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোজাফফর আহমদ বলেন, সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী জাতীয় সংসদের আদৌ কোনো জবাবদিহিতা আছে কি না, তা খুঁজে দেখাই এ গবেষণাপত্রের লক্ষ্য। টিআইবি’র সহকারি গবেষণা কর্মকর্তা তানভীর মাহমুদ গবেষণাপত্রটির সার সংক্ষেপ উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সংসদের মতো মহান প্রতিষ্ঠানে কোরাম সংকট, সংসদ মুলতবি এবং অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনার কারণে বিপুল অর্থের অপচয় হয়; যা জাতির কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে জাতীয় সংসদের সমস্যাগুলো দূর করে সংসদের কার্যকারিতা অনেকাংশেই বাড়ানো সম্ভব।

এতে বলা হয়, গত বছর ওই পাঁচটি অধিবেশনে সংসদে মোট ৬২টি কার্যদিবসে ৩২ ঘন্টা ২৩ মিনিট (১৭ দশমিক ৪৪ শতাংশ) কোরাম সংকটের কারণে অপচয় হয়েছে। অধিবেশন পরিচালনা করতে প্রতি মিনিটে ব্যয় হয় ১৫ হাজার টাকা। এ হিসেবে পাঁচটি অধিবেশনে কোরামের অভাবে অপচয় হয়েছে দুকোটি ৯১ লাখ ৪৫ হাজার টাকা। ৬২ কার্যদিবসের মধ্যে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ৬১ কার্যদিবসে ছিলো অনুপস্থিত। সাংসদদের পেশা বিশ্লেষন করে দেখা যায়, ৫৮ শতাংশের পেশা হচ্ছে ব্যবসা। গত বছর প্রথম চারটি অধিবেশনে অনুপস্থিত সকল সাংসদের শতকরা ১০০ ভাগই ব্যবসায়ী।

টিআইবি’র গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭টির মধ্যে ২৭টি স্থায়ী কমিটিই কার্যপ্রনালী বিধি অনুযায়ী বৈঠক করতে ব্যর্থ হয়েছে। এ সব কমিটির ১৪ শতাংশ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিলেন অনুপস্থিত।

এতে বলা হয়, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যবিধি অনুসরণ করে প্রতি মাসে গড়ে একটি করে বৈঠক করেছে। স্বাধীনতার পর থেকে এপ্রিল ২০০৪ পর্যন্ত সংসদে উপস্থাপিত বিভিন্ন অডিট রিপোর্টের সংখ্যা ৭৯৯ হলেও এই কমিটি মাত্র ১৬৬টি (২০ দশমিক ৭৮ শতাংশ) রিপোর্ট আলোচনা করতে পেরেছে। এখনো ৬৩৩টি অডিট রিপোর্ট আলোচনা হয়নি। বর্তমান কমিটি জুলাই ২০০৩ থেকে ফেব্র“য়ারি ২০০৫ পর্যন্ত মোট ২৫টি বৈঠকে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের ১৪৯টি অডিট আপত্তি আলোচনা করেছে। এই আলোচিত অডিট আপত্তির অর্থের পরিমান ১৩ হাজার ১৫৪ কোটি ৫৪ লাখ টাকা। এরমধ্যে সবচেয়ে বেশী অডিট আপত্তি এসেছে যোগাযোগ মন্ত্রণালয়ের (১২ হাজার ৭৭৫ কোটি ৫১ লাখ টাকা)। এরমধ্যে কমিটি মাত্র ১২ কোটি ১০ লাখ টাকা আদায় করেছে। কমিটি বাদ বাকী অনাদায়ী টাকা আদায়ের নির্দেশ দিয়েছে।