২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যেখানেই সাংসদ পিন্টু -- সেখানেই প্রতিরোধ’: পুরনো ঢাকায় ১৪ দলের সমাবেশে ঘোষণা

আওয়ামী লীগসহ ১৪ দল নেতৃবৃন্দ অত্যাচারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘যেখানেই সাংসদ নাসির উদ্দিন পিন্টু -- সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

পুরনো ঢাকার চকবাজারে সোমবার ১৪ দলের এক প্রতিবাদ সমাবেশে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আজিমপুর কবরস্থানের ওপর দিয়ে সড়ক নির্মাণ হলে সেখানে পিন্টু’র রাজনীতিরও কবর রচনা করা হবে। জনগণের ধর্মীয় চেতনায় আঘাত করলে বিএনপি’র রাজনীতিরও কবর রচিত হবে।

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাংসদ পিন্টুর অশালীন ও কুরুচিপূর্ণ কটুক্তির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেন, জোট সরকার রাষ্ট্রপতিকে নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছে। দেশের ভাবমূর্তি নষ্ট এবং স্বাধীন বাংলাদেশকে মগের মুল্লুকে পরিনত করতেই তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদ নিয়ে এই খেলা খেলছে।

তিনি বলেন, দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ ও অত্যাচারী গণবিচ্ছিন্ন বিএনপি জামাত জোট সরকার জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে জাতীয় সংসদে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। যেন আওয়ামী লীগ সংসদ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়। ওরা সংসদকে অকার্যকর করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আমু আরও বলেন, বর্তমান সিইসি ও অন্য দুই নির্বাচন কমিশনারকে অপসারণ করে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচানার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

আ’লীগ নেতা মতিয়া চৌধুরী বলেন, কারচুপির মাধ্যমে এমপি হয়ে পিন্টু যে দখলদারিত্ব ও পেশি শক্তির প্রদর্শন করছে তার ফল আগামী নির্বাচনে বিএনপিকেই ভোগ করতে হবে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মোহাম্মদ নাসিম এমপি, আব্দুল মান্নান, নুরুল ইসলাম, দিলীপ বড়–য়া, সৈয়দ জাফর সাজ্জাদ, হাজেরা সুলতানা, এমএ গণি, কামরুল আহসান, কাজী মোস্তাক এলেন, আব্দুল হক সবুজ এবং লালবাগ হাজারিবাগ কামরাঙ্গির চর এলাকার সাবেক সাংসদ হাজী মোহাম্মদ সেলিম।