২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথকীকরণ মামলা আবার স্থগিত, পরবর্তী শুনানি ২৪ জুলাই

সুপ্রীম কোর্ট সোমবার বিচার বিভাগ পৃথকীকরণ মামলার শুনানি এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন।সম্প্রতি ইস্যুকৃত জুডিশিয়াল সার্ভিস বিধিমালা সংক্রান্ত কাগজপত্র অ্যাটর্নি জেনারেল (এজি) এজে মোহাম্মদ আলীর কার্যালয়ে না পৌঁছায় তার আবেদনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্ট এ মামলার শুনানি স্থগিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 05:48 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তোফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত সুপ্রীম কোর্টের আপির বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ এ মামলার শুনানির পরবর্তী তারিখ ২৪ জুলাই নির্ধারণ করেন।

এজি মোহাম্মদ আলী তার আবেদনে বলেন, বিচার বিভাগ পৃথকীকরণের অংশ হিসেবে সম্প্রতি সরকার জুডিশিয়াল সার্ভিস কমিশন, জুডিশিয়াল সার্ভিস (পে কমিশন) এবং জুডিশিয়াল সার্ভিস (সার্ভিসের স্থান নির্ধারণ, অগ্রগতি, মঞ্জুরি  এবং ছুটি ও অন্যান্য শর্ত নিয়ন্ত্রণ) সংক্রান্ত বিধিমালার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে।

আপিল বিভাগ বিধিমালা সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করার জন্য এজিকে আদেশ প্রদান করেন।

এজি তার আর্জিতে বলেন, কাগজপত্র এখনও তার কার্যালয়ে পৌঁছেনি।

অন্যদিকে, বিচার বিভাগ পৃথকীকরণ মামলা বলে পরিচিত রাষ্ট্র বনাম মাছদার হোসেন মামলার কৌঁসুলী ব্যারিস্টার আমীর-উল ইসলাম সংশ্লিষ্ট বিধিমালা সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করেন।

ব্যারিস্টার আমীর-উল ইসলাম তার আর্জিতে বলেন, সরকার যে জুডিশিয়াল সার্ভিস বিধিমালা জারি করেছে তা মাছদার হোসেন মামলায় সুপ্রীম কোর্টের দেওয়া নির্দেশনার চেতনার পরিপন্থী। তিনি এ জন্য সরকারের বিরুদ্ধে আরও একটি আদালত অবমাননার অভিযোগ গঠনের আবেদন জানান।

এছাড়া মাছদার হোসেন মামলায় সুপ্রীম কোর্টের আপিল বিভাগের জারি করা ১২ দফা নির্দেশনা মেনে না চলায় শীর্ষস্থানীয় চার সরকারি আমলার বিরুদ্ধে শুনানি অনুষ্ঠানের আবেদন জানান।

আদালত তার এ আবেদন গ্রহণ করেননি।

ব্যারিস্টার আমীর--উল ইসলামের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল প্রধান বিচারপতির আদালত শীর্ষ স্থানীয় চারজন সরকারি আমলার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করেন। অভিযুক্তরা হলেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমান এবং অর্থসচিব সিদ্দিকুর রহমান।

এদের মধ্যে সংস্থাপন সচিব ছাড়া সবাই আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সংস্থাপন সচিব আদালতের আদেশের জবাবে ক্ষমা প্রার্থনা ছাড়াই ড. মাহবুবুর রহমান সংশ্লিষ্ট বিষয়ে তার কার্যক্রমের বর্ণনা দেন।

অ্যাড. টিএইচ খান অভিযুক্ত নয় কর্মকর্তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে রেহাই দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন। সুপ্রীম কোর্ট তার এ আবেদন গ্রহণ করেনি।

অভিযুক্ত নয় কর্মকর্তা হলেন, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও আব্দুর রব হাওলাদার, উপসচিব মো. আবুল কালাম চৌধুরী, উর্ধ্বতন সহকারী সচিব মো. খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপসিচব শফিকুল ইসলাম তালুকদার, উর্ধ্বতন সহকারী সচিব মোহাম্মদ হারুন-উর রশিদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. ফজলুল হক, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব একেএম মোতালেব হোসেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে উপস্থিত ছিলেন।

আগামী ২৪ জুলাই শুনানিকালে তাদের আদালতে হাজির থাকতে হবে।

সিদ্দিকুর রহমানের পক্ষে ব্যারিস্টার রফিকুল হক, ড. মাহবুবুর রহমানের পক্ষে অ্যাড. টিএইচ খান, ড. কামাল উদ্দিন সিদ্দিকীর পক্ষে অ্যাড. হাবিবুল ইসলাম ভূঁইয়া এবং আলাউদ্দিন সরদারের পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আপিল বিভাগে মামলা পরিচালনা করেন।