২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকরা রাজপথে; প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থা

শিক্ষকরা চাকরি ও বেতন সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনে নামায় প্রাথমিক শিক্ষা ব্যাবস্থায় চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

একই যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারের অন্য বিভাগের চাকরিজীবীদের সাথে বেতন বৈষম্য বাতিলের দাবিতে এক লাখ ৬০ হাজার শিক্ষক রাজপথে থাকায়, দেশের ৩৭ হাজার আটশ প্রাথমিক বিদ্যালয়ের সবগুলোই এখন বন্ধ।

অন্যদিকে দেশের তিনহাজার সাতশ’ ৭৮টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও চাকরি জাতীয়করণ ও জাতীয় ওয়েজ স্কেলের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছে।

সাম্প্রতিক বাজেটে একশ ভাগ সরকারি বেতন ভাতার দাবি পূরণের পর ১৯’শ  রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাত্র ৭৬ হাজার শিক্ষক বর্তমানে শ্রেণীকক্ষে অবস্থান করছেন।

স্মারকলিপি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে দোয়েল চত্বরে পুলিশ বাধা দেওয়ায়, আব্দুল আওয়াল তালুকদারের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারি প্রাথমিক স্কুল শিক্ষক সমিতি শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আমরণ অনশন কর্মসূচি শুরু করে।

পরে সমিতির পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে সেখানে মাঝারি পর্যায়ের একজন কর্মকর্তা তাদের স্মারকলিপি গ্রহণ করেন। এতে সমিতির নেতৃবৃন্দ তাদের দাবি দাওয়া পূরণে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম দেন।

আন্দোলনস্থল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আব্দুল আওয়াল তালুকদার বিডিনিউজকে বলেন, আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে পারি। সরকার যথাযথভাবে সাড়া না দিলে, আগামী শনিবার থেকে আমরা বিদ্যালয়গুলোতে তালা ঝুলিয়ে দেবো।

অপরদিকে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আমরণ অনশন কর্মসূচি শনিবার পুরো এক সপ্তাহ পার হল। তারা তাদের চাকার জাতীয়করণ অথবা একশ ভাগ সরকারি বেতন ভাতাসহ জাতীয় ওয়েজ স্কেল প্রদানের দাবি জানিয়ে আসছে। কারণ সম্প্রতি রেজিস্টার্ড বেসরকারি শিক্ষকদের একই দাবি মেনে নেওয়া হয়েছে।

বাংলাদেশ কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব হাফিজুর রহমান বিডিনিউজকে ক্ষোভের সাথে বলেন, ২০০০ সালের ৫ অক্টোবর তাদের আন্দোলন চলাকালে বর্তমান এলজিআরডি মন্ত্রী এবং ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন।

তারা যদি ক্ষমতায় গেলে আমাদের দাবি পূরণ করবেন বলে তিনি নিশ্চয়তা দিয়েছিলেন উল্লে¬খ করে হাফিজুর রহমান বলেন, কিন্তু ২০০৩ সালে যখন পূনরায় আমরা আমাদের দাবির কথা বলি তখন সরকারের বয়স কম বলে তারা আমাদের ধৈর্য ধরার পরামর্শ দেন।

তারা বর্তমানে আমাদের দাবি দাওয়া সর্ম্পকে খবর রাখছে মাত্র, কিন্তু কেউ আমাদের কাছে আসেনি উল্লে¬খ করে তারা তাদের আন্দোলন চালিয়ে যেতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা প্রাথমিক শিক্ষা বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মৌখিক আশ্বাসে বিশ্বাস করেন না বলে জানান।