২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহী ও বহিস্কৃতদের ছাড় দেওয়া যাবে না: শেখ হাসিনাকে তৃণমূল নেতৃবৃন্দ

সংগঠন থেকে বহি®কৃত এবং দলীয় সিদ্ধান্তের বিরোধিতাকারী বিদ্রোহীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি রোববার এমন আহবান জানান সংগঠনের বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মাঠ পর্যায়ের নেতারা।

তারা বলেন, বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ হাই কমান্ডের সিদ্ধান্ত লঙ্ঘণকারী বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের ছাড় দেওয়া এবং শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিস্কৃতদের ফিরিয়ে আনা হলে আগামীতে দলের মধ্যে বিদ্রোহীর সংখ্যা ও অন্তর্দ্বন্দ্ব বাড়বে। দলীয় শৃংখলা এবং ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়বে। আর আগামী নির্বাচনে দলের বিজয় অর্জনের ক্ষেত্রে এসব বাধা হিসেবে কাজ করবে।

আওয়ামী লীগের নেতৃত্বের ক্ষেত্রে অন্তর্দ্বন্দ্ব এবং নিজেদের মধ্যে বিরোধের জন্যে বিশেষভাবে আলোচিত কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা, উপজেলা/থানা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে শেখ হাসিনার দীর্ঘ রূদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।     

তৃণমূল নেতাদের সঙ্গে দলীয় প্রধানের ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে রোববার এ সভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে।

শেখ হাসিনা তৃণমূল নেতাদের কাছ থেকে সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক, রাজনৈতিক, আইন শৃংখলা পরিস্থিতি এবং ‘জোট সরকারের অত্যাচার নির্যাতনসহ’ সার্বিক চিত্র সম্পর্কে জানতে চান।

সভায় তৃণমূল নেতারা সংশ্লিষ্ট এলাকার সার্বিক সাংগঠনিক চিত্র তুলে ধরতে গিয়ে নেতৃত্বে অন্তর্কোন্দল এবং কিছু কিছু নেতার সংগঠনের শৃংখলাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিষয় শেখ হাসিনাকে অবহিত করেন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলের মনোনীত ব্যক্তিদের নাম অনতিবিলম্বে ঘোষণার দাবি জানান তারা। এছাড়া তৃণমূল নেতারা ‘বসন্তের কোকিল’দের মনোনয়ন না দিয়ে মাঠ পর্যায়ের দাবি অনুযায়ী ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়ারও দাবি জানান ।

শেখ হাসিনা তৃণমূল নেতাদের বক্তব্যের আলোকে তাদের প্রয়োজনীয় পরামর্শ এবং দিকনির্দেশনা দেন। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী এবং নেতৃত্বে শৃংখলা ফিরিয়ে আনতে প্রতিটি নেতাকর্মীকে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি।