লুটেরা জোট সরকারকে জনগণ আর এক মূহুর্ত ক্ষমতায় দেখতে চায় না : শেখ হাসিনা
বিএনপি--জামাত জোট ভোট পাবে না জেনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যেন না হয় তার সকল প্রক্রিয়া নিশ্চিত করছে।
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের ধানমন্ডি কার্যালয়ে শুক্রবার সকালে তৃণমূল পর্যায়ের নেতা--কর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা, উপজেলা, মহানগর ও পৌরসভার নেতাদের সাথে অনুষ্ঠিত সভায় একথা বলেন।
তৃণমূল পর্যয়ের নেতা--কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন আমরা সরকারের নির্বাচনে কারচুপির কোনও উদ্যোগই সফল হতে দেবো না।
সভায় শেখ হাসিনা বলেন, জোটের দুঃশাসন, অত্যাচার, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস এবং রাহাজানির কারণে দেশবাসী আজ অতিষ্ঠ। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। এই দুর্নীতিবাজ,ব্যর্থ এবং লুটেরা জোট সরকারকে জনগণ আর এক মূহুর্ত ক্ষমতায় দেখতে চায় না।
তিনি আরও বলেন, জোট সরকার ভোটার তালিকা নিয়ে তেলেসমাতি কারবার শুরু করেছে। জোট সরকারের অত্যাচার, নির্যাতন এবং দুঃশাসনের কারণে ভোট পাবে না জেনে নির্বাচন কমিশনসহ প্রশাসনের প্রতিটি স্তরে দলীয়করণ করে নির্বাচন কারচুপির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, নির্বাচন কমিশন হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের রায় মানেনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনাররা একেক সময় একেক রকম কথা বলছেন।
ঘরে বসে নির্ভুল ভোটার তালিকা হবে কিভাবে? জনগণের ৬৪ কোটি টাকার কেন লুটপাট করা হলো? এসব প্রশ্ন তুলে তিনি আরও বলেন, সরকারকে এর জবাব দেশবাসীর কাছে দিতে হবে।
শেখ হাসিনা বলেন, বর্তমান সিইসি এবং নির্বাচন কমিশন দিয়ে নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ করা হবে না এবং নির্বাচনও হবে না। তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এ ব্যাপারে তাদেরকে কোন ছাড় দেয়া চলবে না।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে এবং নির্যাতিত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ সরকারের সাফল্য এবং জোট সরকারের দুর্নীতি তুলে ধরতে হবে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। সর্বোপরি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে বিএনপি--জামাত জোটকে বিদায় করতে হবে।
শেখ হাসিনা তৃণমূল পর্যায়ের নেতাদের কাছ থেকে সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক এবং রাজনৈতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জোট সরকারের নির্যাতন সম্পর্কে অবহিত হন।
আগামী নির্বাচনে ওইসব এলাকার আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী সম্পর্কেও নেতাদের কাছ থেকে জানতে চান তিনি।
তৃণমূল নেতারা দলীয় প্রধানের কাছে তাদের স্ব--স্ব এলাকার চিত্র তুলে ধরেন। পরে নেত্রী তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। যেসব এলাকায় দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, সংকট এবং ভুল বুঝাবুঝি রয়েছে সেগুলো অবিলম্বে মিটিয়ে ফেলার নির্দেশ দেন শেখ হাসিনা।
