ভোটার তালিকা তৈরির নামে ৬৪ কোটি টাকা অপচয়ের কারণে সিইসি’র বিরুদ্ধে দূর্নীতি মামলা নিয়ে সংসদে আলোচনার দাবি
আদালতের নির্দেশ উপেক্ষা করে নতুন ভোটার তালিকা তৈরির নামে ৬৪ কোটি টাকা অপচয় করায় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দূর্নীতির মামলা দায়ের এবং বিশেষ অধিকার ক্ষুন্ন করার নোটিশ নিয়ে সংসদে আলোচনা ও নিস্পত্তি করার দাবি জানিয়েছে বিরোধী দল।
আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বৃহস্পতিবার সংসদে বলেন, এ ভোটার তালিকা তৈরির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার নিজে বিতর্কিত হয়েছেন। তিনি এর মাধ্যমে আদালত অবমাননা করেছেন এবং সংবিধান ও শপথের অঙ্গীকার লংঘন করেছেন। তাকে দিয়ে আর কোন সুরু ভোটার তালিকা ও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। তাই তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। যদি তার নৈতিকতা থাকে তবে তিনি পদত্যাগ করবেন। নইলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন।
ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে সাংসদদের ওপর পুলিশের হামলা ও লাঠিপেটা নিয়ে বিশেষ অধিকার ক্ষুন্নের অভিযোগ তোলেন বিরোধী দলেই চিফ হুইপ আব্দুস শহীদ।
স্পিকারের কাছে দেওয়া তার ১৬৪ বিধির নোটিশ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও আমরা নোটিশ দিয়েছি। আপনি তা বাতিল করেছেন। পুলিশের লাঠি পেটায় আহত হয়ে আমি এখনো খুড়িয়ে খুড়িয়ে হাটছি। আমরা আজও নোটিশ দিয়েছি। তাই নোটিশটি কার্যপ্রণালী বিধি অনুযায়ী কমিটিতে প্রেরণের সুযোগ রয়েছে।
এসময় জবাবে স্পিকার ব্যাক্তিগত সমবেদনা জানিয়ে বলেন, আপনি বিশেষ অধিকার ক্ষুন্নের কোন প্রমাণাদি বা কাগজপত্র আগেও জমা দেননি, আজও তা দেননি। ফলে নোটিশটি বাতিল করেছি। খবরের কাগজের কাটিং কোন প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে প্রমাণাদিসহ নোটিশ দিলে বিষয়টি কমিটিতে পাঠানো যেতে পারে।
পরে আওয়ামী লীগ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তার তিন বছর আগে দেওয়া বিশেষ অধিকার ক্ষুন্নের একটি নোটিশ প্রসঙ্গে বলেন, আমার অধিকার ক্ষুন্নের নোটিশটি সংসদে উঠেছিল। সেটি সর্বসম্মতভাবে কমিটিতে পাঠানো হয়। কিন্তু কমিটি তিন বছরে মাত্র একটি বৈঠক করেছে। ফলে নোটিশের কোন সুরাহা হয়নি।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের তৈরি করা ভোটার তালিকা ভূয়া প্রমাণ হয়েছে। এটি কারো কাছে গ্রহণযোগ্য হয়নি। এমনকি বর্তমান আইনমন্ত্রীর কাছেও গ্রহণযোগ্য হয়নি। কারণ তার এলাকাতেও ৫’শ ভূয়া ভোটার হয়েছে।
এসময় আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমার এলাকায় ৫’শ নয় ৪’শ ভূয়া ভোটার হয়েছে। এগুলো বিধি মোতাবেক সংশোধন করা হয়েছে। ১৪ কোটি মানুষের মধ্যে ৯ কোটি ভোটার। এতে দুই তিন লাখ ভোটারও ভূয়া থাকতে পারে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও ভূয়া ভোটার হয়। সেখানেও নির্ভূল ভোটার তালিকা করা সম্ভব হয়না।
তিনি বলেন, কারো নাম বাদ পড়লে বা ভূয়া ভোটার হলে এগুলো সংশোধনের সুযোগ রয়েছে। কিছু ভূয়া ভোটার হলেই যে পুরো তালিকা ভূয়া হয়ে যায় সেটা ঠিক না।
তিনি আরো বলেন, তালিকা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। এর জন্য সংসদের কিছুই করার নেই। সিইসি যদি আদালতের রায় অমান্য করে থাকেন, তবে বিচারপতিরা বসেই আছেন। তারাই সুয়োমোটো মামলা করতে পারেন। এখানে সংসদে বক্তব্য না দিয়ে নিজেরা আদালতে যেতে পারেন। এখানে দেওয়া বক্তব্য শুধুমাত্র সংবাদপত্রে ছাপানোর জন্য।
