জঙ্গিদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে পেপার বুক তৈরির অনুমতি দিয়েছে হাইকোর্ট
ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাত জেএমবি নেতার অগ্রাধিকারভিত্তিতে ডেথ রেফারেন্সের শুনানির জন্য পেপার বুক তৈরি করতে হাইকোর্ট সরকারকে অনুমতি দিয়েছেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দায়ের করা একটি আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি আলী আসগর খান এবং বিচারপতি এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সরকারি ব্যবস্থাপনায় সুপ্রীম কোর্টের সংশ্লিষ্ট ধারায় পেপার বুক তৈরির জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে অনুমতি দেন।
ঝালকাঠির একটি আদালত গত ২৯ মে বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে হত্যা মামলায় শায়খ রহমান, বাংলা ভাই, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ, আসাদুর রহমান আরিফ ও ইফতেখার হাসান আল মামুনের বিরুদ্ধে ফাঁসির রায় দেন।
হাইকোর্টের পেন্ডিং ডেথ রেফারেন্সের শুনানি ধারাক্রম অনুযায়ী হলে এ ডেথ রেফারেন্স মামলার শুনানি হতে তিন বছর লেগে যাবে। হাইকোর্টে এখন ২০০৩ সালের ডেথ রেফারেন্স শুনানি চলছে।
সম্প্রতি আইন মন্ত্রণালয় হাইকোর্টে ডেথ ডেফারেন্সের ধারাক্রম অনুসরণ না করে অগ্রাধিকারভিত্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতাদের ডেথ রেফারেন্সের শুনানির জন্য পেপার বুক তৈরির অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করার জন্য সরকার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে অনুরোধ জানায়।
এর আগে ৫ জুন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এ ব্যাপারে আলোচনার জন্য সুপ্রিম কোর্টের কার্যালয়ে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের সাথে সাক্ষাৎ করেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ৬ জুন ঝালকাঠিতে বিচারক হত্যা মামলার রায় কার্যকর করতে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে অগ্রাধিকারভিত্তিতে ডেথ রেফারেন্স শুনানির জন্যে পেপার বুক তৈরির অনুমতি চেয়ে আবেদন জানায়।
ওই আবেদনের শুনানির পর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি আনোয়ারুল হক এজি অফিসকে ছুটি শেষে আদালতের কার্যক্রম শুরু হলে নিয়মিত বেঞ্চে বিষয়টি উত্থাপনের পরামর্শ দেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ১২ জুন হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এ ব্যাপারে আবেদন জানায়।
আবেদনকারীর পক্ষে বৃহস্পতিবার হাইকোর্টে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা।
