কোন ব্যাক্তি বা দলের বিরুদ্ধে নয়, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্যেই এই আন্দোলন: হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, ১৪ দল কোন ব্যক্তি, দল বা পার্টির বিরুদ্ধে আন্দোলন করছে না, দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
“বর্তমান আন্দোলনের প্রধান উদ্দেশ্য হলো, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং বিতর্কিত ও গণধিকৃত প্রধান নির্বাচন কমিশনার ও দুই জন নির্বাচন কমিশনের অবসারণের মাধ্যমে দেশে একটি অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা”, দেশব্যাপী ৩৬ ঘন্টা লাগাতার হরতালের শেষে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
আ’লীগ সভানেত্রী বিএনপি-জামাত সরকারকে শিগগিরই সংস্কার প্রস্তাব ও প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার অপসারণের দাবি মেনে নেওয়ার জন্যে সতর্ক করে দেন।
তিনি বলেন, তার দলের শত শত নেতাকর্মী বিএনপি-জামাত সরকারের দমন-পীড়ন, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাসী, হত্যা ও হয়রানির মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
“সরকার নিজেদের দুঃশাসনকে পাকাপোক্ত করার জন্যে এবং আগামীতে নীলনকশার তথাকাথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্যে উন্মত্ত হয়ে উঠেছে। কিন্তু জনগণ তাদের এই ভয়ঙ্কর স্বপ্ন কখনই সফল হতে দিবে না।
