২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রশ্নে শর্ত দিয়ে বিরোধী দলই আলোচনার পথ রুদ্ধ করেছে: নিজামী

শিল্প মন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমীর মওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, সংস্কারের ইস্যুতে বিরোধী দলের কোনো আন্তরিকতা থাকলে শর্ত ছাড়াই তাদের আলোচনায় আসতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

সংসদ ভবনে জামায়াতের সংসদীয় দলের সম্মেলন কক্ষে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সংস্কার প্রশ্নে কমিটি গঠন করার ক্ষেত্রে শর্ত দিয়ে বিরোধী দলই আলোচনার পথ রুƒদ্ধ করে দিয়েছে। অথচ আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন তারা আমাদের সঙ্গে বসেছে। সরকারের মেয়াদ আর মাত্র চার -- পাঁচ মাস বাকি। এ সময়ের মধ্যে যদি আলোচনা না হয়, তাহলে তা আর হওয়ার সুযোগ নেই। সংস্কারের বিষয়ে আন্তরিকতা থাকলে শর্ত ছাড়াই তাদের আলোচনায় আসতে হবে।

জামায়াতের আমীর নিজামী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গত তিনটি নির্বাচন হয়েছে। এ সব নির্বাচনে প্রমাণ হয়েছে, এ ব্যবস্থা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টিযুক্ত। তাই এতে সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরও তাদের বিধিবহির্ভূতভাবে আনা সংস্কার প্রস্তাবের ব্যপারে প্রধানমন্ত্রী কমিটি গঠনের কথা বলেছেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি আরো বলেন, জোটের দরজা উন্মুক্ত রয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে জোটের রাজনীতি ইতিবাচক। জোট ছাড়া কোনো রাজনৈতিক দলই এখন ক্ষমতার স্বপ্ন দেখে না। দেশবিরোধী, গণবিরোধী ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে কোনো দলই জোটভুক্ত হতে পারে।