২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্র লীগ নেতাকর্মীর হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় ১জনকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার, ৮ জনকে কারণ দর্শাও নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় ছাত্রলীগ একজনকে সাময়িক বহিষ্কার এবং আটজনকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। তিনদিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ছাত্রলীগ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বহিষ্কার করা হয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মিলনকে। কারণ দর্শাও নোটিশপ্রাপ্তরা হলেন আশরাফুর রহমান, জাকারিয়া কবির, জসিমউদ্দিন, নুরুজ্জামান, সোহেল রানা মিঠু, ফরহাদ, আশরাফ এবং সিদ্দিকী নাজমুল আলম।

এর আগে ১১ জুন ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, শুধু মিলন এবং জহুরুল হক হলের আশরাফকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।

জড়িত অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় সাংবাদিক সমিতি এরপর তাদের সিদ্ধান্তের ব্যাপারে লিখিত ব্যাখ্যা চায়। এর  পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ মঙ্গলবার রাতে ওই সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। এতে তারা আগের বিজ্ঞপ্তিটির ব্যাপারে দুঃখ প্রকাশ করে। 

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এক নেত্রী ৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এ সময় একদল ছাত্রলীগ নেতাকর্মী সাংবাদিক সমিতিতে ঢুকে সমিতির সদস্য বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের লাঞ্ছিত করে।