বিভ্রান্তকর তথ্য প্রদানের জন্য মিডিয়ার নিন্দায় নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন সচিবালয় বুধবার ভোটার তালিকা হালানাগাদ করার ব্যাপারে বিভ্রন্তিকর প্রচার চালানোর জন্য দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা এবং ইলেক্ট্রনিক মিডিয়াকে দায়ী করেছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলছে। ভোটার তালিকা হালনাগাদ করার ক্ষেত্রে ২০০০ সালে প্রণীত তালিকা অনুসরণ করা হবে এবং এক্ষেত্রে কোনো অবস্থাতেই সম্প্রতি প্রস্তুতকৃত দেশের বিভিন্ন শ্রেণীর জনগণের কাছে সমালোচিত বিতর্কিত ভোটার তালিকা অনুসরণ করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেকোনো ভোটার তার নাম ২০০০ সালের প্রণীত ভোটার তালিকায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তা যাচাই করতে পারবেন।
নির্বাচন কমিশন সতর্কতার সাথে সুপ্রিম কোর্টের রায় মেনে চলার পদক্ষেপ নিয়েছে এবং এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
