২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ২৫১৬ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে মঙ্গলবার জাতীয় সংসদে চলতি ২০০৫--০৬ অর্থ বছরের জন্যে ২ হাজার ৫১৬ কোটি ৫১ লাখ ৯ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান পাসের জন্যে নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৬ বিল সংসদে উত্থাপন করেন।

এর আগে রোববার ও সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্পূরক বাজেটের ৩৬টি দাবির ওপর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক লীগ এবং স্বতন্ত্র একজন সাংসদ মোট ৩৬৬টি ছাটাই প্রস্তাব উত্থাপন করেন।

এর মধ্যে ছয়টি দাবির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন মশিউর রহমান রাঙ্গা, গোলাম হাবিব দুলাল, হাফিজ উদ্দিন আহম্মেদ, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং স্বতন্ত্র সাংসদ এমএম শাহীন।

এছাড়া বাকি দাবিগুলো কোনো আলোচনা ছাড়াই কন্ঠ ভোটে নিষ্পত্তি হয়। তবে সরকারি দলের সদস্যদের সংখ্যাগরিষ্ঠতায় বিরোধী দলের সকল দাবি নাকচ হয়ে যায়।

যেসব দাবি নিয়ে সংসদে আরোচনা হয়, এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুন্নয়ন ব্যয় বাবদ ২২৯ কোটি ৯৬ লাখ ৯১ হাজার, শিক্ষা মন্ত্রণালয়ের অনুন্নয়ন ব্যয় বাবদ ৬২ কোটি ৯০ লাখ ৯৬ হাজার, স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় বাবদ ২১৫ কোটি ৯৮ লাখ ৮৬ হ্জাার, যোগাযোগ মন্ত্রণালয়ের অনুন্নয়ন খাতে ১৬ কোটি এক লাখ ৬৩ হাজার, বিদ্যুৎ মন্ত্রণালয়ের উন্নয়ন ও অনুন্নয়ন খাতের ১২৭ কোটি ১৪ লাখ ৪৬ হাজার এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক কোটি ৪৪ লাখ টাকার অতিরিক্ত মঞ্জুরি দাবি।

এছাড়া যেসব অতিরিক্ত মঞ্জুরি দাবি সংসদে গৃহীত হয়, এর মধ্যে উল্লেখযোগ্য হলো-- কৃষি মন্ত্রণালয়ে ৬৫৩ কোটি ৪৭ লাখ ২ হাজার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৩২৯ কোটি ৯০ লাখ ৪৫ হাজার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ২৭০ কোটি ১২ লাখ ৫৬ হাজার, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে ১২০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ১১০কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্যে ৪ কোটি ৫৫ লাখ ৩১ হাজার, নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৬৬ কোটি ৭৮ লাখ ৫০ হাজার, জাতীয় সংসদের জন্যে ৯ কোটি ৭২ লাখ ৩৬ হাজার এবং রাষ্ট্রপতির কার্যালয়ের জন্যে ৯ লাখ ৯৫ হাজার টাকা মঞ্জুরি দাবি গৃহীত হয়।