২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্ট বেঞ্চ গঠনে সুনির্দিষ্ট বিধিবিধান প্রণয়নের দাবি জানিয়েছে এসসিবিএ

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) মঙ্গলবার জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে স্বচ্ছ মনোভাব নিয়ে সুনির্দিষ্ট বিধিবিধান প্রণয়নে হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এসসিবিএ সভাপতি ব্যারিস্টার এম আমীর--উল-- ইসলাম বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা আরোপের নজির বিশ্বের কোথাও নেই। জনগণের রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সুপ্রীম কোর্ট কর্তৃক সংরক্ষিত। উচ্চতর আদালতের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করিয়ে একটি কায়েমী অংশ আমাদের উচ্চ আদালতকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে ১১ জুন বিরোধী দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও নিরীহ জনগণের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এসসিবিএ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ব্যারিস্টার আমীর-উল ইসলাম সভাপতির বক্তব্য রাখেন।

সংবিধান ও হাইকোর্টের বেঞ্চের ব্যাপারে সুনির্দিষ্ট বিধিবিধান প্রণয়নের দাবি জানানোর জন্য তারা প্রধান বিচারপতির কাছে যাবেন বলেও তিনি সমাবেশে জানান।

এসসিবিএ জানায়, রাজনৈতিক কর্মসূচি পালনে এ ধরনের রিট আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা আরোপ করতে থাকলে উচ্চ আদালত অন্ধকারে তলিয়ে যাবে।

ব্যারিস্টার আমীর--উল-- ইসলাম প্রশ্ন রাখেন, গণপ্রজান্ত্রের সেবকদেরকে রিট আবেদনে বিবাদি করা হয়েছে। সেক্ষেত্রে হাইকোর্টের রায়ে কীভাবে বিরোধী দলীয় পাঁচ নেতাকে বিবাদি করা হয়? তাছাড়া হাইকোর্ট খোলার মাত্র একদিন আগে একটি বিশেষ অবকাশকালীন বেঞ্চ গঠনের কী এমন তাড়া ছিল?

তিনি বলেন, একই সাথে আপিল বিভাগের বিচারক এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করায় প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের ওপর একটি রুল জারি করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হাইকোর্টের একটি বেঞ্চ গঠন করা হয়।

উচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার ও বিতর্কিত করে তোলা এবং ভুল পথে পরিচালিত করার ষড়যন্ত্র রুখতে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

এসসিবিএ’র বৈঠকে ঢাকা অবরোধ কর্মসূচিতে জনগণের ওপর পুলিশের হামলার ব্যাপারে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এসসিবিএ’র বৈঠকে অন্যান্যের মধ্যে এসসিবিএ’র সাবেক সভাপতি অ্যাড. আবুল বাসেত মজুমদার, অ্যাড. মাহবুবে আলম, অ্যাড. সুব্রত চৌধুরী; এসসিবিএ সহসভাপতি অ্যাড. এমএ মান্নান খান; এসসিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ইনায়েতুর রহীম ও অ্যাড. বশির আহমেদ, অ্যাড. মোহাম্মদ আব্দুল হালিম, অ্যাড. লায়েকুজ্জামান, অ্যাড. মোতাহের হোসেন সাজু এবং অ্যাড. শেখ আওয়াসসাফুর রহমান বক্তব্য রাখেন।