বাগেরহাটে আওয়ামী লীগ--বিএনপি সংঘর্ষ, আহত ৫, বিডিআর মোতায়েন
বাগেরহাট শহরে বিএনপি ও আওয়ামী লীগের মারমুখী অবস্থান ও ধাওয়া পাল্টা ধাওয়ার মুখে মঙ্গলবার দুপুরে শহরে বিডিআর মোতায়েন করা হয়েছে।
সোমবার গভীর রাত পর্যন্ত উভয় দলের সন্ত্রাসীরা শহরের রেলরোড, নাগের বাজার, খারদ্বার এলাকায় প্রতিপক্ষের কয়েকটি দলীয় কার্যালয়, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুঠপাট ও অগ্নিসংযোগ করে। মিঠু নামের এক শ্রমিক দল নেতাকে সোমবার পিটিয়ে জখম করার জের ধরে এ ঘটনা ঘটে।
সোমবার রাত ১০টা থেকে প্রায় চার ঘন্টাব্যাপী ওই হামলা ও পাল্টা হামলার ঘটনায় অন্তত ৫ ব্যাক্তি আহত হয়েছে। পুলিশ মঙ্গলবার দুপুর পর্যন্ত আওয়ামী লীগের অন্তত ৩০ নেতা-কর্মীকে আটক করে। রাতে হামলা ও পাল্টা হামলার এক পর্যায়ে বিএনপি সমর্থক একদল সন্ত্রাসী বাগেরহাট পৌরসভা মিলনায়তনে ঢুকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে দেড় লাখ টাকায় সদ্য কেনা পৌরসভার একটি ৫১ ইঞ্চি হোম থিয়েটার টেলিভিশন ভেঙে গুড়িয়ে দেয়। এ সময় বেশকিছু পৌরব্সী সেখানে যুক্তরাষ্ট্র ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার খেলাটি উপভোগ করছিলেন।
শ্রমিক দল নেতা মিঠুসহ যারা আহত হয়েছে তাদের মধ্যে আছে, বাগেরহাট পৌরসভার নৈশপ্রহরী আব্দুল আজিজ (৩০) ও মিজানুর রহমান (৩২) এবং আওয়ামী লীগ সমর্থক পঙ্কজ সাহা (৩০)। পুলিশ সোমবার গভীর রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম (৪৫) সহ ৮ জন এবং মঙ্গলবার সকালে আওয়ামী লীগের আরো অন্তত ২২ জন নেতা কর্মীকে আটক করে।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা.মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে বলেছেন, বিএনপি উদ্দেশ্য মূলকভাবে সম্পূর্ণ অরাজনৈতিক ও ব্যাক্তিগত একটি বিষয়কে সামনে এনে আওয়ামী লীগের উপর হামলা করেছে।
জেলা বিএনপির সভাপতি এম.এ.এইচ. সেলিম বলেন, উদ্ভুত পরিস্থিতির জন্য আওয়ামী লীগ দায়ী কারণ যুবলীগের অফিস শ্রমিক দল নেতা মিঠুকে মারধোর করার মধ্য দিয়ে ঘটনার শুরু।
