২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী ৩৬ ঘন্টার হরতালের ১ম দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকা দেশব্যাপী ৩৬ ঘন্টা লাগাতার হরতালের প্রথম দিন মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের সাথে পুলিশ ও বিডিআরসহ যৌথ বাহিনীর দফায় দফায় সংঘর্ষ, গুলি ও টিয়ার শেল নিক্ষেপ, লাঠিজচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নগরীর লালবাগ এলাকায় পিকেটার এবং যৌথ বাহিনীর দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 06:25 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

হরতালকারীদের মিছিলে পুলিশি হামলায় নগরীতে কমপক্ষে ১০০ জন পিকেটার আহত হয়। ঢাকায় হরতাল ইস্যুতে অর্ধশতাধিক নেতা কর্মীকে আটক করা হয়।

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অপর দুই নির্বাচন কমিশনারকে অপসারণ, নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ এবং বিরোধী নেতা কর্মীদের ওপর পুলিশি হামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে ১৪ দল এ হরতালের ডাক দেয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যে নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব এবং আধা সামরিক বাহিনী বিডিআর মোতায়েন করা হয়।

বিরোধী দলের নেতা কর্মী এবং সমর্থকরা পুরান ঢাকার সোয়ারিঘাট, চকবাজার এবং মতিঝিল, ধানমণ্ডি, মহাখালী, মিরপুর,  বঙ্গবন্ধু এভিনিউসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল বের করলে পুলিশ প্রতিটি এলাকাতেই বাধা দেয়।

পুলিশ হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ, ধাওয়া এবং লাঠিচার্জ করে।

হরতাল চলাকালে পুরান ঢাকায় পুলিশ ও বিডিআরের সঙ্গে আওয়ামী লীগ নেতা-- কর্মীদের দিনভর দফায় দফায় সংঘর্ষ বাধলে এলাকায় চরম উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়ে। এ সব এলাকা দীর্ঘ সময়ের জন্যে রণক্ষেত্রে পরিণত হয়। বাধা উপেক্ষা করে পিকেটাররা বিভিন্ন গলিপথে মিছিল বের করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিডিআর ধাওয়া, লাঠিচার্জ, গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। 

চকবাজার এলাকায় আওয়ামী লীগের মিছিলে পুলিশ এবং বিডিআর বাধা দিলে সেখানে সংঘর্ষ বাধে। এতে সাবেক সাংসদ হাজী মোহাম্মদ সেলিমসহ প্রায় ২০ জন আহত হয়। গ্রেপ্তার করা হয় ১৯ জনকে।

হরতাল চলাকালে আওয়ামী লীগ কর্মী আলমগীর, নাসির, নূর ইসলাম ও রাসেল পুলিশের গুলিতে গুরুতর আহত হলে তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

সাবেক সাংসদ হাজী সেলিমকে পুলিশ তার দেবীদাস লেনের বাড়িতে দুপুর ১২টার পর থেকে অবরুদ্ধ করে রাখে। এর আগে তিনি তার এলাকায় বেশ কয়েকটি মিছিলে নেতৃত্ব দেন। 

পুরান ঢাকার সোয়ারীঘাটের পুরান পানঘাট ভেরিবাঁধ এলাকায় উত্তেজিত জনতা চারটি ট্রাক এবং একটি হিউম্যান হলারে আগুন ধরিয়ে দেয়।

সকালে মহাখালীতে আওয়ামী লীগসহ ১৪ দলের মিছিলে পুলিশ হামলা করলে সংঘর্ষ বাঁধে। পুলিশ এখান থেকে ১০/১২ জনকে আটক করে। 

মতিঝিল এলাকায় হরতাল সমর্থকরা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ মহিলা শ্রমিক লীগ সভানেত্রী রওশন জাহান সাথীসহ ৫/৬ জনকে আটক করে। এসময় একটি পুলিশ ভ্যানসহ চার পাঁচটি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে।

সাংসদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে একটি মিছিল মতিঝিল এলাকা থেকে শুরু হয়ে পল্টনে প্রবেশ করতে চাইলে পুলিশ চড়াও হয়। পুলিশের সাথে মিছিলকারীদের দফায় দফায় সংঘর্ষ ঘটে। পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে বিরোধী দলের তিন চারজন কর্মীকে আটক করে।

নগরীর ধানমণ্ডির রাসেল স্কয়ার এলাকায় আওয়ামী লীগসহ ১৪ দল মিছিল সমাবেশ করলে পুলিশ বাধা দেয়। পুলিশের ধাওয়া ও বেধড়ক লাঠিচার্জে বেশ ক’জন নেতা কর্মী আহত হয়।

সকালে আওয়ামী লীগের ১০/১২ জন সাংসদ শেরে বাংলা নগরের ন্যাম ভিলেজ এলাকা থেকে মিছিল নিয়ে এগোলে পুলিশ ফার্মগেটে তাদের আটকে দেয়। পুলিশের সঙ্গে তাদের বাক--বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশের বাধার মুখে পরে তারা ফার্মগেট এলাকায় রাস্তার ওপর অবস্থান নেন। 

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সকল প্রবেশ মুখে পুলিশ সকাল থেকে কাঁটা তারের ব্যারিকেড দিয়ে রাখে। বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা কর্মীরা ব্যারিকেডের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করে।

হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা যায়। নগরীর দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ঢাকা থেকে দূরপাল্ল¬ার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রেল যোগাযোগ ছিলো স্বাভাবিক।

বিডিনিউজ’র টঙ্গি প্রতিনিধি জানান, ঢাকা -- ময়মনসিংহ মহাসড়কে সকালে বিরোধী দলের কর্মীরা চার -- পাঁচটি বাস ভাংচুর এবং অগ্নিসংযোগ করে।

টঙ্গিতে সাংসদ জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে মিছিল বের হয়।

বিডিনিউজ’র পাবনা প্রতিনিধি জানান, পাবনায় হরতাল চলাকালে পুলিশ হরতাল সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ হরতালকারীরা বেশ কিছু যানবাহন ভাংচুর করে।

এছাড়া পাবনায় বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে  যুবলীগ নেতা আজিজুল হক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ’র মাদারীপুর প্রতিনিধি জানান, হরতাল চলাকালে জজকোর্ট চত্বরে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মীর সিরাজুল ইসলাম নিজ দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন। বিরোধী দলের হরতালের সমর্থন করায় বিক্ষুব্ধ সদস্যরা তাকে লাঞ্ছিত এবং ফোরাম থেকে অবাঞ্ছিত ঘোষণা করে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, ওষুধ বহনকারী যানবহন, ফায়ার ব্রিগেড, সংবাদপত্রের যানবাহন হরতালের আওতামুক্ত রয়েছে।

এছাড়া ব্রিটিশ কাউন্সিলের অধীনে মঙ্গলবার অনুষ্ঠেয় এলএলবি (অনার্স) পরীক্ষা হরতালের আওতামুক্ত রয়েছে।