দেশব্যাপী ৩৬ ঘন্টার হরতালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকা দেশব্যাপী ৩৬ ঘন্টা লাগাতার হরতালের প্রথম দিনে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে হরতাল সমর্থকদের সাথে যৌথ বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হরতালকারীদের মিছিলে পুলিশি হামলায় কমপক্ষে নগরীতে ৫০ জন পিকেটার আহত হয়।
নগরীর লালবাগ এলাকায় সকালে হরতাল সমর্থক রাসেলের বুকে গুলি লাগে। তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুনির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি এবং বিরোধী নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ১৪ দল এ হরতালের ডাক দেয়।
বিরোধী দলের নেতাকর্মী এবং সমর্থকরা পুরান ঢাকার সোয়ারিঘাট, চকবাজার এবং মতিঝিল, ধানমণ্ডি, বঙ্গবন্ধু এভিনিউসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি মিছিল বের করে।
পুলিশ হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে গুলি, টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করে। অনেক নেতা -- কর্মীকে পুলিশ আটক করে।
হরতাল চলাকালে পুরান ঢাকা সকালে পুলিশ এবং বিরোধী দলের নেতা -- কর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ বাধলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
চকবাজার এলাকায় আওয়ামী লীগের মিছিলে পুলিশ এবং বিডিআর বাধা দিলে সেখানে সংঘর্ষ বাধে।
সাবেক সাংসদ হাজী সেলিমকে পুলিশ তার দেবীদাস লেনের বাড়িতে দুপুর ১২টার পর অবরূদ্ধ করে রাখে। এর আগে তিনি তার এলাকায় বেশ কয়েকটি মিছিলে নেতৃত্ব দেন।
পুরান ঢাকার সোয়ারীঘাটের পুরান পানঘাট ভেরিবাঁধ এলাকায় উত্তেজিত জনতা চারটি ট্রাক এবং একটি হিউম্যান হলারে আগুন ধরিয়ে দেয়।
মতিঝিল এলাকায় হরতাল সমর্থকরা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ মহিলা শ্রমিক লীগ নেতা রওশান জাহান সাথীসহ ৫ থেকে ৬ জনকে পিকেটারকে আটক করার চেষ্টা করে। এসময় তারা একটি পুলিশ ভ্যানসহ চার থেকে পাঁচটি যানবাহন ভাংচুর করে।
সাংসদ আসাদুজ্জামান নুরের নেতৃত্বে একটি মিছিল মতিঝিল এলাকা থেকে শুরু হয়ে পল্টনে প্রবেশ করতে চাইলে পুলিশের সাথে মিছিলকারীদের দফায় দফায় সংঘর্ষ বাধে। ঘটনাস্থল থেকে পুলিশ বিরোধী দলের তিন থেকে চারজন কর্মীকে আটক করে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে পুলিশ সকাল থেকে ব্যারিকেড দিয়ে রাখে। এ সময় বিক্ষুব্ধ অওয়ামী লীগ কর্মীরা তাদের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শণ করে।
হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা যায়। রাজধানীর দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রেল যোগাযোগ ছিলো স্বাভাবিক।
বিডিনিউজ’র টঙ্গি প্রতিনিধি জানান, ঢাকা -- ময়মনসিংহ মহাসড়কে সকালে বিরোধী দলের কর্মীরা চার -- পাঁচটি বাস ভাংচুর এবং অগ্নিসংযোগ করে।
টঙ্গিতে সাংসদ জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে মিছিল বের হয়।
বিডিনিউজ’র পাবনা প্রতিনিধি জানান, পাবনায় হরতাল চলাকালে পুলিশ হরতাল সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ হরতালকারীরা বেশ কিছু যানবাহন ভাংচুর করে।
পাবনায় বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষের সময় আহতদের মধ্যে যুবলীগ নেতা আজিজুল হক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিরোধী দলগুলোর ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের সাথে ভয়াবহ সংঘর্ষে শীর্ষ আওয়ামী লীগ নেতাসহ পাঁচ শতাধিক লোক আহত হয়।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, ফার্মেসী, ওষুধ বহনকারী যানবহন, ফায়ার বিগ্রেড, সংবাদপত্রের যানবাহন হরতালের আওতামুক্ত রয়েছে।
এছাড়া ব্রিটিশ কাউন্সিলের অধীনে মঙ্গলবার অনুষ্ঠেয় এলএলবি (অনার্স) পরীক্ষা হরতালের আওতামুক্ত রয়েছে।
