রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে সেনা বাহিনী ও র্যাবের যৌথ অভিযান: বেশ কয়েকজন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী হতাহত
পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি সীমান্তে সোমবার ভোর রাতে সেনা ও র্যাব সদস্যদের যৌথ অভিযানে বেশ কয়েকজন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সদস্য হতাহত হয়েছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ওই অভিযানের সত্যতা স্বীকার করেন। তিনি বিডিনিউজকে বলেন, আমরা বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছি।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও ভারতের মিজোরাম সীমান্তবর্তী দুর্গম ভূয়াছড়ি এলাকায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গ্র“প পিপলস ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট’র (পিএনএলএফ) একটি ঘাঁটিতে সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালায়। ব্যাপক গুলিবিনিময়ের পর সেখানে পিএনএলএফ’র গোপন ঘাঁটিটি ধ্বংস হয়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রসস্ত্র।
ভিন্ন একটি সূত্র দাবি করেছে, অভিযানে অন্তত: ১০ জন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করা অস্ত্রশস্ত্রের পরিমানও জানা যায়নি।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ভোর রাতে পিএনএলএফ’র ঘাঁটিতে ওই অভিযান চালায়। এ সময় ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ওই ১০ জন পিএনএলএফ সদস্য নিহত হয়।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, র্যাব -- ৭ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল হাসিনুর রেজা, লে. কর্নেল গুলজার ও সেনাবাহিনীর মেজর মুজিবুর রহমান যৌথ অভিযানে নেতৃত্ব দেন।
