২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা অবরোধ কর্মসূচির পর নারায়ণগঞ্জে রাতভর পুলিশি অভিযান, ৩০০ জনকে আসামি করে মামলা

বিরোধী ১৪ দলের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচিতে ব্যাপক সংঘর্ষের পর নারয়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিভিন্ন স্থানে পুলিশ রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কমপক্ষে ১০ জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এদিকে, ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি চলাকালে গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় দু’জন দারোগা বাদি হয়ে সোনরগাঁও থানায় প্রায় তিনশো জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

সোনরগাঁও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া দাবি করেছেন, পুলিশ স্থানীয় এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিমকে খুশী করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ নেতা কর্মীরা যেন মামলার আসামি হয়ে এলাকা ছাড়া থাকে এ লক্ষ্যে বিএনপি পুলিশকে ব্যবহার করছে বলে তিনি দাবি করেন।

সোনারগাঁও থানার ওসি সহিদুজ্জামান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয় গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ ও পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

এদিকে কাঁচপুরে রোববার দিনভর সহিংস ঘটনার পর ঢাকা - চট্টগ্রাম ও ঢাকা - সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নারায়ণগঞ্জ শহরের শহীদ জিয়া হলে বিডিআর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।