অবরোধে কাঁচপুর রণক্ষেত্র, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত শতাধিক
অবরোধের সকালে রাজধানীর প্রবেশ মুখে কাঁচপুর এলাকায় পুলিশের সঙ্গে জনতার দফা দফায় সংঘর্ষ, পুলিশের গুলিবর্ষণ, লাঠিচার্জ, ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া -- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সব ঘটনায় সাংবাদিক, পুলিশ ও অবরোধকারীসহ আহত হয় শতাধিক। বিক্ষুব্ধ অবরোধকারীরা ৪০ -- ৫০ টি গাড়ি ভাঙচুর করে। একটি পুলিশের গাড়িসহ দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী জানায়, আহতদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সেনা বাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) কেএম শফিউল্লাহ বীর উত্তম, সাবেক মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, সাবেক সাংসদ এসএম আকরামসহ ৩০ জন আহত হয়। আহতদের ভর্তি করা হয় ঢাকা ও নারয়নগঞ্জের বিভিন্ন হাসপাতালে।
ভোর থেকেই নারায়নগঞ্জ, ফতুল্লা, সিদ্দিরগঞ্জ, সোনারগাঁও, কাঁচপুর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, বিডিআর ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়।
সকাল সাড়ে ৮ টার দিকে ১৪ দলের নেতাকর্র্মী কাঁচপুর ব্রিজের পূর্ব দিকে জড়ো হতে থাকে। সাবেক ওলামা লীগ নেতা হাবিব উল্লাহ কাঁচপুরী সকাল ৯ টার দিকে একটি মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে কাঁচপুরীসহ ১০ জন নেতাকর্মী আহত হন।
সকাল সোয়া ৯টার দিকে মেজর জেনারেল (অব.) শফিউল্লাহ, মহিউদ্দিন আলমগীর, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এসএম আকরাম প্রমুখর নেতৃত্বে একটি মিছিল কাঁচপুর এসে অবস্থান নেয়। এ সময় পুলিশ অবরোধকারীদের ধাওয়া করে তাড়িয়ে দিতে চাইলে তারা রাস্তার ওপর শুয়ে পড়েন।
এর পর সেখানে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করলে পুলিশ মিছিলকারীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে।
সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা -- চট্টগ্রাম ও ঢাকা -- সিলেট সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সকাল পৌনে ১১ টার দিকে পুলিশ ও অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ মারাতœক আকার ধারণ করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও গুলি ছোঁড়ে। এ সময় হাজার হাজার জনতা লাঠি শোটা নিয়ে কাঁচপুর সড়কের দখল নেয়। তারা ৩০ -- ৪০ টি বিভিন্ন ধরণের যানবাহন ভাঙচুর করে। পুলিশ পিছু হটে গেলে উত্তেজিত জনতা একটি রেকার ও একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।
