হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও ১৪ দল রোববার ঢাকা অবরোধ কর্মসূচি পালন করবে, সমন্বিত
হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা সত্ত্বেও এবং ব্যাপক ধরপাকড়, গণগ্রেফতার ও সরকারের কঠোর অবস্থানকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগসহ ১৪ দল রোববার তাদের পূর্বঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচি পালন করবে।
১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি শনিবার সন্ধ্যায় বিডিনিউজ’কে বলেছেন, নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা কিছুই জানি না। আমাদের পূর্বঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচি যথাযথভাবেই পালিত হবে।
বিরোধী দলের আলোচিত এই কর্মসূচি বানচালে সরকারের ‘সকল ধরণের কলা--কৌশল, দমন পীড়ণ, অত্যাচার, নির্যাতন, বাধা এবং ভয় ভীতি’ উপেক্ষা করে কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে বিকেলে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আব্দুল জলিল রোববারের মধ্যে গণগ্রেফতার, অত্যাচার -- নির্যাতন বন্ধ এবং প্রধান নির্বাচন কমিশনারসহ দুই নির্বাচন কমিশনারকে অপসারণ করাসহ বিরোধী দলের দাবি মানা না হলে পরদিন সোমবার থেকে লাগাতার হরতালসহ ধারাবাহিক কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ঢাকা অবরোধ কর্মসূচির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনও এমন কোনো সংবাদ জানি না। তবে যারা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় মানে না, তারা রায় মানার কথা আমাদের কী ভাবে বলে? সরকার আগে আদালতের রায় মানুক, তারপর আমরা আমাদের বিষয়টি বিবেচনা করবো।
তবে তিনি জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের রোববারের ঢাকা ঘেরাও কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ।
অ্যাডভোকেট রবিউল ইসলাম সাগরের এক পিটিশনের শুনানী শেষে শনিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
হাইকোর্ট একই সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর, স্বরাষ্ট্র সচিব সফর রাজ, পুলিশের মহাপরিদর্শক আবদুল কাইয়ুম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান এবং র্যাব এর মহাপরিচালক আবদুল আজিজ সরকারসহ সরকারের উচ্চ পর্যায়ের ছয় কর্মকর্তার প্রতি দেশের মানুষের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নির্দেশ জারি করে।
ঢাকা অবরোধের নিষেধাজ্ঞা জারি করার পর আদালত তা মেনে চলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিলসহ বিরোধী জোটের নেতৃবৃন্দের প্রতি নির্দেশ দেন।
অ্যাডভোকেট সাগর প্রধান বিচারপতির কাছে এ সংক্রান্ত একটি পিটিশন দায়ের করলে হাইকোর্ট ছুটিতে থাকায় প্রধান বিচারপতি তা বিবেচনার জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চে পাঠিয়ে দেন। শুনানী শেষে বিশেষ বেঞ্চের বিচারপতি গোলাম দস্তগীর শনিবার নিষেধাজ্ঞা জারি করেন।
রীট পিটিশনে আবেদনকারি অ্যাডভোকেট সাগর বলেন, ঢাকা ঘেরাওকালে ঢাকায় ব্যাপক রাজনৈতিক সহিংসতা হতে পারে। এ সহিংসতা এড়াতে বিরোধী দলের অবরোধ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক।
এ আদেশের ব্যাপারে রোববারও শুনানী অনুষ্ঠিত হবে।
এদিকে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিরোধী দলের কর্মসূচি রুখতে সরকার কঠোর নীতি গ্রহণ করেছে। এজন্য ঢাকার বাইরে থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ১৫ হাজার সদস্যকে রাজধানীতে আনা হয়েছে।
পুলিশের আইজি আবদুল কাইয়ুম ইতোপূর্বে অবরোধ কর্মসূচিকে অবৈধ উল্লেখ করে বলেছিলেন, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপই গ্রহণ করা হবে।
আইজি’র বক্তব্যের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে পুলিশের আইজির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আপনার কাছ থেকে আমাদের দীক্ষা নিতে হবে না। রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক নেতৃত্ব। আপনি আমাদের সবক দেওয়ার চেষ্টা করবেন না। ব্যর্থ দুর্নীতিবাজ অত্যাচারীদের পক্ষে বেশি তাবেদারির ফলাফল ভলো হবে না।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী ড. মোশাররফ হোসেন শনিবার এ প্রসঙ্গে বলেছেন, দেশে বিশৃংখলা সৃষ্টি করতেই বিরোধী দল ঢাকা অবরোধের মতো কর্মসূচি দিয়েছে।
এদিকে বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। এজন্য কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ দফায় দফায় বৈঠক করে। সভাগুলোতে সিদ্ধান্ত হয় রোববার ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর নির্দিষ্ট ১৬টি স্পটসহ রাজধানীর আশপাশের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অবস্থান নেবেন।
ঢাকার ষ্পটগুলো হচ্ছে: গাবতলি, আজমপুর বাসষ্ট্যাণ্ড, যাত্রাবাড়ি, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল ষ্টেশন, শ্যামপুরের পোস্তগোলা আলম মার্কেট, বাবু বাজার ব্রিজ, নূর হোসেন স্কোয়ার, মগবাজার রেলগেট, মালিবাগ বিপণী বিতান, শাপলা চত্বর, নিউ মার্কেট, ধানমণ্ডি ২৭ নম্বর সড়ক, মিরপুর ১০ নম্বর গোলচক্কর, মহাখালি ও দয়াগঞ্জ।
