২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট বরাদ্দে শিক্ষাক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি: আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন উপকমিটি

০৭ অর্থবছরের বাজেটে শুভঙ্করের ফাঁকির মাধ্যমে শিক্ষা খাতে অধিক বরাদ্দ দেখিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 05:14 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

বাজেটে শিক্ষা খাতে ১৫ দশমিক ৯ ভাগ বরাদ্দ দেখানো হলেও বাস্তবে শিক্ষা বর্হিভূত খাতগুলো বাদ দিলে বরাদ্দের প্রকৃত পরিমাণ দাঁড়াবে মাত্র ১২ দশমিক ৪৯ ভাগ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন উপকমিটির শনিবার অনুষ্ঠিত সভায় এ কথা বলা হয়।

কমিটির সভাপতি অধ্যাপক ড. একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, অধ্যাপক ড. আআসম আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. হারুন-অর রশিদ ও শাহে আলম।

সভায় প্রস্তাবিত ২০০৬ - ০৭ অর্থবছরের বাজেটে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক পর্যালোচনা করে বলা হয়, সামগ্রিকভাবে দেশ ও জনগণের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতিতে এই বাজেট কোনও অবদান রাখবে না। বাস্তবতা বর্জিত এবং জনগণকে বিভ্রান্ত করে নির্বাচনে দলীয় স্বার্থ হাসিল ও লুটপাটের এ বাজেট গ্রহণযোগ্য নয়।

এতে আরো বলা হয়, স্বাক্ষরতার লক্ষ্য ও কর্মসূচি মুখ থুবড়ে পড়লেও বাজেটে নিরক্ষরতা দূরীকরণের কোনও দিকনির্দেশনা নেই। ছাত্রী উপবৃত্তি ও খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচিতেও কোন বরাদ্দ বৃদ্ধি করা হয়নি।