২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে বিভিন্ন দল, স্বাগত জানিয়েছে বিএনপি

সংসদে বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী হিসেবে উল্লেখ করে প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল তা প্রত্যাখ্যান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তবে ক্ষমতাসীন চারদলীয় জোটের প্রধান শরীক বিএনপি এ বাজেট গণমানুষের বাজেট হিসেবে স্বাগত: জানিয়েছে।

সংসদ বৃহস্পতিবার বিকেলে বাজেট ঘোষণার পরপরই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে আওয়ামী লীগ রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী সেলিম ও আব্দুল হক সবুজসহ অন্যান্য নেতারা মিছিলে অংশ নেন।

এর আগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এটি একটি প্রতারণামূলক বাজেট। এ বাজেট দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না। আগামী নির্বাচনে চারদলীয় জোটের ভোট ও স্বার্থ রক্ষার জন্যই এ বাজেট দেওয়া হয়েছে।

এদিকে জাতীয় শ্রমিক লীগ কার্যনির্বাহী সংসদের সভায় প্রস্তাবিত বাজেটকে শ্রমিকদের সাথে ‘তামাশা’ হিসেবে উল্লেখ করা হয়।

শ্রমিক লীগ নেতারা বলেন, পাট ও গার্মেন্টস শিল্প রক্ষা ও এর উন্নয়নে বাজেটে কোনো বরাদ্দ নেই। এতে জাতীয় ন্যুনতম মজুরি, বিদ্যুত সরবরাহ, মজুরি বোর্ড ও বেতন স্কেল বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট প্রস্তাবও নেই।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অন্যদিকে বাংলাদেশ ছাত্রমৈত্রী প্রতিরক্ষা খাতের বাজেট কমিয়ে শিক্ষাখাতে কমপক্ষে ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে নগরীতে একটি মিছিল বের করে।

এছাড়াও বাজেট প্রত্যাখ্যান করে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ, ঢাকা সড়ক পরিবহন সমিতি, বাংলাদেশ হকার্স লীগ, বাংলাদেশ তাঁতি লীগ, বাংলাদেশ কৃষক লীগ ও আওয়ামী যুবলীগ।

তাদের বক্তব্য, এ বাজেট গতানুগতিক। আগামী নির্বাচনকে সামনে রেখে এ বাজেট তৈরি করা হয়েছে। এ বাজেট কর্মসংস্থান সৃষ্টি বা দারিদ্র্য বিমোচনে কোনো কাজে আসবে না।

অন্যদিকে রমনা থানা বিএনপি প্রস্তাবিত বাজেটকে গণমানুষের বাজেট হিসেবে উল্লেখ করে স্বাগত: জানিয়ে নগরীতে একটি আনন্দ মিছিল বের করে।