২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে নিরাপত্তা বেষ্টনী কর্মসূচী সম্প্রসারণের প্রস্তাব করছেন অর্থমন্ত্রী

বাংলাদেশের অসহায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবন-ধারণের ন্যুনতম প্রয়োজন মেটাতে সরকার ব্যাপকভাবে নিরাপত্তা বেষ্টনী কর্মসূচী সম্প্রসারণ করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

২০০৫-০৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী নিরাপত্তা বেষ্টনীর আওতায় বেশ ক’টি ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেছেণ। বয়ষ্ক,  বিধবা ও স্বামী পরিত্যক্ত, প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ও বাস্তুহারা,  অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, সম্পূর্ণভাবে অক্ষম প্রতিবন্ধীদের জন্য ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

এদিকে, প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে (বিশেষ করে মঙ্গা এলাকায়) সাময়িকভাবে বেকার এবং   স্বেচ্ছাবসর/কর্মচ্যুত শ্রমিক/কর্মচারীদের পুনঃপ্রশিক্ষণ ও কর্মসংস্থান তহবিলে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বয়স্ক ভাতা কর্মসূচির আওতায় ভাতার হার ১৮০ টাকায় নির্ধারণ এবং উপকারভোগীর সংখ্যাও ১৫ লাখে উন্নীত করা হয়।

অর্থমন্ত্রী বলেন, আগামী ২০০৬-০৭ অর্থ বছরে ভাতার হার ২০০ টাকায় নির্ধারণ এবং উপকারভোগীর সংখ্যা ১৬ লাখে উন্নীত করার প্রস্তাব করছি।

একইভাবে বিধবা ও স্বামী পরিত্যক্তা অসহায় মহিলাদের ভাতা প্রদান কর্মসূচির আওতায় ২০০৫-০৬ অর্থ বছরে ভাতার হার ১৮০ টাকায় এবং উপকারভোগীর সংখ্যা ৬ লাখ ২৫ হাজারের স্থলে  আগামী অর্থ বছরে ভাতার হার ২০০ টাকায় নির্ধারণ এবং উপকারভোগীর সংখ্যা ৬ লাখ ৫০ হাজারে উন্নীত করার প্রস্তাব করা হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী সমাজের নির্যাতিত ও প্রাকৃতিক বিপর্যয়কবলিত জনগোষ্ঠীর দুঃখ-কষ্ট লাঘবের উদ্দেশ্যে ২০০৬-০৭ অর্থ বছরে যথাক্রমে ১০ কোটি এবং ৩০ কোটি টাকা করে মোট ৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।।

অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা কর্মসূচির আওতায় ২০০৫--০৬ অর্থ বছরে ভাতা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি করে ৭০ হাজারে উন্নীত করা হয়। আগামী অর্থ বছরে ভাতা গ্রহণকারীর সংখ্যা ৭০ হাজার থেকে ১ লাখে উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে।