নিকারের সভায় এসিসি'র জনবল কাঠামো ও চারটি নতুন উপজেলার অনুমোদন
প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (এসিসি) জনবল কাঠামো এবং আরো চারটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম সাংবাদিকদের জানান, বৈঠকে বিবেচনার জন্য ১৮টির মধ্যে ১৬ টি বিষয় অনুমোদিত হয়েছে।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের বর্তমান ৬৫০ জনের জনবল কাঠামো যথেষ্ট রয়েছে বলে নিকার মনে করে। তবে যদি আরো জনবল প্রয়োজন হয়, তবে সুস্পষ্ট প্রস্তাবের ভিত্তিতে সরকার ভবিষ্যতে বিবেচনা করবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গঠিত নতুন চারটি উপজেলা হচ্ছে: সুনামগঞ্জ সদর উপজেলা ভেঙে এর ৮টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ভেঙে কমলনগর উপজেলা, নোয়াখালী সদর উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে কবিরহাট উপজেলা এবং টাঙ্গাইলের ধনবাড়ি থানাকে উপজেলায় উন্নয়ন।
অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।
