যে কোনো মূল্যে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করবে ১৪ দল
ঢাকা মহানগর ১৪ দলের এক বৈঠকে যে কোনো মূল্যে ১১ জুনের নির্ধারিত ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ঢাকা মহানগর সভাপতি মীর হোসেন আখতারের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউ এর তাহের মিলনায়তনে সোমবার ওই বৈঠকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, জাসদ নেতা শিরিন আখতারসহ বিরোধী জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে সরকারের ষড়যন্ত্র, নির্যাতন ও গণগ্রেপ্তার উপেক্ষা করে ১১ জুনের ঢাকা অবরোধ সফল করার জন্য আহ্বান জানানো হয়।
বৈঠকে অবরোধ কর্মসূচি সফল করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বক্তারা বলেন, ১৪ দলের সংস্কার প্রস্তাব অস্বীকার করার মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না।
১৪ দল নেতারা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য দু কমিশনারের পদত্যাগ দাবি করেন। এছাড়া তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নতুন নির্বাচন কমিশন গঠন করারও দাবি জানান।
বৈঠকে ঢাকা অবরোধ কর্মসূচিকে সামনে রেখে বিরোধী নেতা কর্মীদের বাড়ি বাড়ি হামলা, ধরপাকড় ও নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়।
