ডিইপিজেডে ধ্বংসাত্মক ঘটনার পেছনে সরকারের অসৎ উদ্দেশ্য ছিল: হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ডিইপিজেডে) গত দু’ দিনের সহিংস ঘটনায় র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করে। তাদের এ ভূমিকা থেকে প্রমাণিত হয় এ ধরনের ধ্বংসাত্মক কাজের পেছনে সরকারের অসৎ কোনও উদ্দেশ্য ছিল।
আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সোমবার ধানমণ্ডির কার্যালয়ে মতবিনিময়কালে শেখ হাসিনা বলেন, কর্র্র্তৃপক্ষের সম্মতিতেই পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। প্রধানমন্ত্রী তার আওতাধীন স্বরাষ্ট্র, বিদ্যুৎ এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়সহ প্রতিষ্ঠান পরিচালনার সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) পরিচালনায়ও খালেদা জিয়া ব্যর্থ হয়েছেন বলে শেখ হাসিনা অভিযোগ করেন।
মতবিনিময় কর্মসূচির তৃতীয় দিন সোমবার তিনি জামালপুর, শেরপুর এবং নেত্রকোণা জেলার জেলা, উপজেলা, থানা এবং প্রথম শ্রেণীর পৌরসভার নেতাকর্মীদের সাথে আলোচনা করেন।
