পররাষ্ট্রমন্ত্রী সোমবার চীন যাচ্ছেন, বাণিজ্য, পরমানু শক্তি ও প্রতিরক্ষা ইস্যুতে আলোচনা হবে
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সোমবার চারদিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। সফরকালে তিনি বাণিজ্য ও অন্যান্য দ্বি-পাক্ষিক ইস্যু ছাড়াও পরমানু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও প্রতিরক্ষা খাতের সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনা করবেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি ঝাওঝিংয়ের সাথে ৬ জুন তার ওই বিষয়গুলোতে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক জহিরুল হক রোববার সাংবাদিকদের জানান, দুই পররাষ্ট্র মন্ত্রী চীনা বর্তমান প্রধানমন্ত্রীর ২০০৫ এর এপ্রিলে ঢাকা সফরকালে স্বাক্ষরিত ১৪টি চুক্তি, সমঝোতা স্মারক ও বিনিময় পত্রের বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
আলোচনায় আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ, বাংলাদেশে চীনের অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনসহ বিভিন্ন দিক স্থান পাবে।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ও স্টেট কাউন্সিলের কাউন্সিলর ট্যাং জিয়াবাওযের সাথে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ৮ জুন দেশে ফেরার কথা রয়েছে।
