২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাঠামো খাতের উন্নয়নে বেসরকারি পর্যায়ে দেশী ও বিদেশী বিনিয়োগকারিদের আকৃষ্ট করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবকাঠামো খাতের উন্নয়নে বেসরকারি পর্যায়ে দেশী ও বিদেশী বিনিয়োগকারিদের আকৃষ্ট করার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

রাজধানীর গুলিস্তানে রোববার যাত্রাবাড়ি--গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

তিনি বলেন, সরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আন্ডারগ্রাউন্ড রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে। এছাড়াও সরকার নগরীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করেছে। একই সাথে মতিঝিলে বহুতল কারপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, আমাদের অবকাঠামো খাতের দ্রুত বিকাশের জন্যে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও জরুরি হয়ে পড়েছে। যাত্রাবাড়ি--গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ দেশী ও বিদেশী বিনিয়োগকারিদের আরো আকৃষ্ট করবে।

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এবং দুবাইভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান বেলহাসা--অ্যাকোম এন্ড অ্যাসোসিয়েটস যৌথভাবে ঢাকার সর্ববৃহৎ সাড়ে আট কিলোমিটার ফ্লাইওভারটির নির্মাণ কাজ করবে।

বিল্ড ওন অপারেট এন্ড ট্রান্সফার (বিওওটি) পদ্ধতিতে প্রায় ৬৭০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হতে সময় লাগবে সাড়ে তিন বছর। এর নির্মাণ কাজ শেষ হলে ঢাকার যাত্রাবাড়ি, সায়েদাবাদ, মতিঝিল, গুলিস্তান, দয়াগঞ্জ, ওয়ারীসহ ঢাকার বাইরের ৩০টি জেলার যান চলাচল সহজতর হবে এবং মানুষ সীমাহীন যানজটের দুর্ভোগ থেকে রেহাই পাবে।

ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, স্থানীয় সরকার বিভাগের সচিব জহুরুল হক, বেলহাসার অ্যাকমের চেয়ারম্যান ওবায়দুল করিম, বেলহাসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মাজেদ বেলহাসা এবং ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইফুদ্দিন আহম্মেদ।

প্রধানমন্ত্রী তার ভাষণে তার সরকারের আমলে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, যাত্রবাড়ি--গুলিস্তান ফ্লাইওভারের উদ্বোধন ঢাকা মহানগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অব্যাহত প্রয়াসের অংশ। আমাদের সময়েই ২০০৪ সালে বাংলাদেশ ফ্লাইওভার যুগে প্রবেশ করে। ইতোমধ্যে সরকারি উদ্যোগে মহাখালি ও খিলগাঁও ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে ক্ষমতায় গেলে চলমান সকল প্রকল্প শেষ করে ঢাকাকে তিলোত্তমা নগরীতে পরিণত করা হবে।