সকলের স্বার্থে মতপার্থক্য ভুলে এগিয়ে যেতে হবে: জামাতের রোকন সম্মেলনে তারেক রহমান
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, চারদলীয় জোট একটি বড় পরিবার। যখন একটি পরিবার বড় হয় তখন তার সদস্যদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সকলের স্বার্থে মতপার্থক্য ভুলে এগিয়ে যেতে হবে।
তিনি শনিবার রাজধানীর পল্টন ময়দানে জামাতে ইসলামীর রোকন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
জামাতের আমীর ও শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, আবদুস সোবাহান, গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাস, নাসিরউদ্দিন পিন্টু এমপি, সালাউদ্দিন আহমেদ এমপি ও এসএ খালেক এমপি।
তারেক রহমান বলেন, জোটের পক্ষ থেকে আমি এ সম্মেলনে এসেছি। অতীতে যেভাবে আমরা দেশের স্বার্থকে বড় করে দেখেছি, সেভাবেই ভবিষ্যতে দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। আমাদের ঐক্যকে আরো দৃঢ় করতে হবে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের শক্তির বিরুদ্ধে নানা চক্রান্ত চলছে। যারা এদেশকে বিদেশের বাজার হিসেবে দেখতে চায় এবং ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় তারা কখনই জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির নেতৃত্বে দেশ এগিয়ে যাক তা চায় না।
তিনি বলেন, আওয়ামী লীগ ত্বত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার চায় না। তারা চায় নৈরাজ্য সৃষ্টি করতে।
মতিউর রহমান নিজামী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছে। ইতোপূর্বে ৭২ থেকে ৭৫ পর্যন্ত ক্ষমতায় থাকাকালে তারা একই কাজ করেছিল।
তিনি বলেন, আওয়ামী লীগ ও তার দোসরদের সূদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সম্পূর্ণ অন্যায় ও অযৈৗক্তিকভাবে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু তারা সংসদে তাদের সংস্কার প্রস্তাব রীতি বহির্ভূতভাবে উত্থাপণ করলেও প্রধানমন্ত্রী তা আলোচনার জন্য কমিটি গঠন করতে বলেছেন।
কিন্তু তারা অযৌক্তিক কিছু শর্ত জুড়ে দিয়ে প্রমাণ করেছে, আলোচনার মাধ্যমে সমাধান তারা চায় না। বরং অচলাবস্থা সৃষ্টি করে অনিশ্চয়তার দিকে দেশকে ঠেলে দেওয়া ও নির্বাচন ভন্ডুল করারই তাদের লক্ষ্য।
জামায়াতের এ রোকন সম্মেলনে সারাদেশের ২২ হাজার প্রতিনিধি অংশ নেয়। এর মধ্যে ৫ হাজারই ছিল মহিলা রোকন। সম্মেলন উপলক্ষে জামাতের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও বিপুল পুলিশ, র্যাব ও গোয়েন্দা মোতায়েন করা হয়। সম্মেলনের প্যান্ডেলে সাংবাদিক প্রবেশের ক্ষেত্রেও ছিল ব্যপক কড়াকড়ি।
