শেখ হাসিনা শনিবার থেকে তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় শুরু করবেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের বিরাজমান পরিস্থিতিতে ৩ জুন শনিবার থেকে পর্যায়ক্রমে দলের তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময় শুরু করবেন।
প্রথম পর্যায়ে তিনি ঢাকা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, থানা এবং ১ম শ্রেণীর পৌর এলাকাসমূহের আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করবেন।
ধারাবাহিক এই সাংগঠনিক কর্মসূচি আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডিস্থ কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তিনি মতবিনিময় করবেন।
দলীয় সূত্র জানায়, ৩ জুন মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা, ৪ জুন টাঙ্গাইল, গাজীপুর ও নরসিংদী জেলা, ৫ জুন নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলা, ৬ জুন জুন ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা এবং ৮ জুন ফরিদপুর, রাজবাড়ী, শরিয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।
