সরকারি ও বিরোধী দলের সদস্যদের তোপের মূখে বিদ্যুত বিভাগের কর্মকর্তারা
ঢাকাসহ সারাদেশে বিদ্যুতের লোডশেডিং ও বিদ্যুত ঘাটতি নিয়ে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সরকারি ও বিরোধী দলের সদস্যদের তোপের মূখে পড়লেন বিদ্যুত বিভাগের কর্মকর্তারা।
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিদ্যুত বিভাগকে আগামী এক মাসের বিদ্যুতের সিস্টেম লস (অপচয়) ১৯ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আসার তাগিদ দেওয়া হয়।
এতে লোডশেডিংয়ের আগে আগাম নোটিশ দেওয়া এবং আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলার সময় মানুষের খেলা দেখার সুবিধার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে বলা হয়।
বৈঠক সূত্র জানায়, বিদ্যুত বিভাগের কর্মকর্তারা বর্তমানে বিদ্যুতের চাহিদা চার হাজার ২০০ থেকে চার হাজার ৩০০ মেগাওয়াট ও উৎপাদন তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৩০০ মেগাওয়াট বলে জানান। ফলে লোড শেডিং প্রায় এক হাজার মেগাওয়াট।
তারা জানান, দেশে বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা প্রায় পাঁচ হাজার ২৭৫ মেগাওয়াট। তবে বেশ কয়েকটি বিদ্যুত কেন্দ্রের কয়েকটি ইউনিট বন্ধ থাকায় এর উৎপাদন হ্রাস পেয়েছে। মেরামতের পর বর্তমানে কাপ্তাই বিদ্যুত কেন্দ্রের চারটি ইউনিট চালু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে অন্য ইউনিটটিও চালু হবে।
বিদ্যুত কর্মকর্তারা কমিটিকে জানান, বিদ্যুত মন্ত্রণালয় বর্তমানে আগাম লোডশেডিংয়ের একটি পরিকল্পনাপত্র তৈরি করছে। এখন থেকে বিদ্যুতের লোডশেডিংয়ের একটি পরিকল্পনাপত্র সাতদিন আগেই সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে।
সূত্র আরো জানায়, কমিটির সদস্য বিএনপির সাংসদ সালাউদ্দিন আহম্মেদ ও ডা. রুস্তম আলী ফরাজী বিদ্যুতের লোডশেডিংয়ের জন্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ডেসা ও বিদ্যুত বিভাগের কারণে তাদের সম্প্রতি বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। এ অবস্থায় বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
আওয়ামী লীগ সাংসদ ফারুক খান সাংবাদিকদের জানান, বিদ্যুত কর্মকর্তারা বিদ্যুতের উৎপাদনের কোনো পরিকল্পনা না করে লোডশেডিংয়ের পরিকল্পনা করছে। আমাদের বিদ্যুতের উৎপাদনের দিকে দৃষ্টি দিতে হবে। কিন্তু আগামী তিন বছরে নতুন করে বিদ্যুত উৎপাদনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
তিনি প্রতিবেশী কয়েকটি দেশের কথা উল্লেখ করে বলেন, ওইসব দেশে আনবিক শক্তি ও বায়ুপ্রবাহ ব্যবহার করে বিদ্যুতের উৎপাদন ও চাহিদা পূরণ করা হচ্ছে। সরকারকে এখনই এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। নইলে বর্তমান প্রতি বছর ১০ শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কারণে কয়েক বছর পর সরকারকে কঠিন অবস্থা মোকাবেলা করতে হবে।
বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুল আলীম সাংবাদিকদের জানান, পল্লী বিদ্যুতকে (আরইবি) তাদের বিদ্যুতের সরবরাহ ও লাইন সম্প্রসারণের কাজ কম চাহিদাসম্পন্ন এলাকার পরিবর্তে বেশি চাহিদাসম্পন্ন এলাকায় জোরদার করতে বলা হয়েছে।
