২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা তদন্তে সংসদীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব নাকচ

বিভিন্ন গার্মেন্টস শিল্পে সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা তদন্তে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 05:24 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে আওয়ামী লীগ সাংসদ শাজাহান খান এ প্রস্তাব দিলে সভাপতি মোশাররফ হোসেন মঙ্গু জানান, ইতোমধ্যেই শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। তারাই এ বিষয়টি তদন্ত করে দেখবেন। এখন আর নতুন কোনো কমিটি গঠন করার প্রয়োজন নেই।

বৈঠক সূত্র জানায়, এতে কমিটির সদস্য বিএনপি সাংসদ এমএ হাশেম শ্রমিক বিক্ষোভের ঘটনার সাথে বহিরাগত লোকেরা জড়িত বলে অভিযোগ করেন।

তিনি বৈঠকে বলেন, দেশের শ্রমিকরা বর্তমানে খুবই ভালো অবস্থায় রয়েছে। তাই ১০ বছরে এ ধরনের কোনো বিক্ষোভের ঘটনা হয়নি। এর সাথে বাইরের লাঠিয়াল বাহিনী জড়িত। তাই এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা প্রয়োজন।

পরে সাংবাদিকদের কাছে শাজাহান খান বৈঠকের আলোচনা প্রসঙ্গে বলেন, তিনি কমিটি গঠনের প্রস্তাব সমর্থন করেছেন। তিনি বৈঠকে বলেছেন, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে শ্রমিকরা অত্যন্ত বিক্ষুব্ধ। তারাই দাবি আদায়ে এ ধরনের বিক্ষোভ করেছে। এর সাথে বাইরের কেউ জড়িত নয়।

বিক্ষোভের উপাদানগুলো কি এবং শ্রমিকরা কেনো বিক্ষুব্ধ হয়ে আছে তা তদন্তে তিনি একটি কমিটি গঠন করতে বলেন।

তবে বৈঠকে কমিটি গঠনের প্রস্তাবটি নাকচ করে দেন কমিটির সভাপতি।

এছাড়াও বৈঠকে গার্মেন্টস শিল্পের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে গঠিত একটি সংসদীয় উপকমিটির প্রতিবেদন এবং সরকার ঘোষিত ন্যুনতম মজুরি বোর্ড নিয়েও আলোচনা হয়।