২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের বিষয়ে তিন দিন পর তার অবস্থান পরিস্কার করবেন সাইফুর রহমান

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, মন্ত্রীসভা থেকে তার পদত্যাগের বহুল আলোচিত বিষয়ে তিনি তার অবস্থান ঠিক তিন দিন পর সুষ্পষ্টভাবে তুলে ধরবেন। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বুধবার অর্থমন্ত্রী এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

তিনি পদত্যাগ করবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, তিন দিন পরে আমি মন্তব্য করবো।

সংসদে ১১ বার জাতীয় বাজেট পেশের রেকর্ড সৃষ্টিকারী অভিজ্ঞ অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তে পদত্যাগ বিষয়ে মন্তব্য করার অবস্থানে তিনি নেই। কারণ ২০০৬-০৭ অর্থবছরের বাজেট প্রস্তুত করতে তিনি অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন। ৮ জুন জাতীয় সংসদে এ বাজেট ঘোষণার কথা রয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও অন্যতম নীতিনির্ধারক সাইফুর রহমান সাংসদ ইলিয়াস আলীকে দল থেকে বহিস্কার করা না হলে পদত্যাগ করবেন বলে দলীয় হাইকমান্ডকে হুমকি দেন।

তখন থেকে সাইফুর--ইলিয়াস দ্বন্দের বিষয় দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এবং এ কারণে ক্ষমতাসীন দল বিএনপি প্রথমবারের মত সাইফুর রহমানের স্থলে বিকল্প অর্থমন্ত্রীর কথা চিন্তা করে বলে দলীয় সূত্র এবং গণমাধ্যমের প্রতিবেদনে দাবী করা হয়।

বুধবার শুরুতে সাইফুর উতপ্ত ওই রাজনৈতিক ইস্যুর বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কিছু দিন পর কথা বলবো। তিন দিন পরে আমি আমার অবস্থান পরিস্কার করবো বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা আই ওয়ালিক দুপুরে অর্থমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত করলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেননি।

সিলেটের রাজনীতিতে অধিপাত্য বিস্তার নিয়ে সাইফুর দলের তরুণ প্রভাবশালী নেতা এবং সিলেট থেকে নির্বাচিত সাংসদ ইলিয়াস আলীর সাথে বিরোধে জড়িয়ে পড়েন।

ইলিয়াস আলীকে দল থেকে বহিস্কারের জন্য সাইফুর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে দাবি জানান। কিন্তু প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার দাবি পূরণ করেননি।

বিএনপির কেন্দ্রীয় চেয়ারপারসনের প্রত্যেক সাংসদকে তার নিজ নিজ সংসদীয় এলাকার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার নির্দেশকে সাইফুরের প্রতি অবজ্ঞা হিসেবে দেখা হচ্ছে। যিনি বৃহত্তর সিলেট অঞ্চলের রাজনীতিতে বড় ধরনের ভূমিকা রেখে আসছেন।