রাষ্ট্রপতির অবস্থা আরো উন্নতি, কথা বলতে পারছেন
সিঙ্গাপুরে হৃদযন্ত্রে সফল অস্ত্রপোচারের পর রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের অবস্থা এখন আরও উন্নতির দিকে। তার শরীরে ব্যবহৃত ‘রেসপিরেটর’ মেশিনটি বুধবার সকাল থেকে বন্ধ করে ‘এন্ড্রোটাকিয়েল টিউবের’ সাথে স্পিকিং টিউব লাগিয়ে দেওয়া হয়। ফলে তিনি এখন কথা বলতে পারছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরী জানিয়েছেন, স্পিকিং টিউব লাগানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রশ্ন করেছেন, ‘আর ইউ ফিলিং বেটার?’ রাষ্ট্রপতি উত্তর দেন, ‘সো ফার, সো গুড’।
চিকিৎসকরা বুধবার রাষ্ট্রপতিকে বেড থেকে উঠিয়ে দুঘন্টার জন্য চেয়ারে বসান ও সাময়িক ফিজিও থেরাপি দেন।
প্রেস সচিব চিকিৎসকদের উদ্ধৃত করে জানান, রাষ্ট্রপতির এখন আর মেশিনের প্রয়োজন হচ্ছে না। তার অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। তাকে বৃহস্পতিবার কেবিনে নিয়ে যাওয়া সম্ভব হবে।
রাষ্ট্রপতি আগামী ৯ জুন শুক্রবার নাগাদ দেশে ফিরতে পারেন বলে প্রেস সচিব মোখলেস চৌধুরী আশা প্রকাশ করেন।
তিনি জানান, ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে রাষ্ট্রপতিকে ঢাকায় নিয়ে আসার জন্য ওই দিনের বিমানের ফ্লাইটে ঢাকায় বুকিং দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী এম. মোরশেদ খান ট্রানজিটে সিঙ্গাপুর সফরকালে মঙ্গলবার সন্ধায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতিকে দেখতে যান।
বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত সুফাত চিত্রানু ক্রোহ বুধবার এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের আশু আরোগ্য কামনা করেন।
