সংস্কারের ব্যাপারে সরকার ইতিবাচক সহযোগিতা করছে না: সুইডিশ রাষ্ট্রদূতকে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাপারে ক্ষমতাসীন জোটের কাছ থেকে ইতিবাচক সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, বিএনপি জামাত জোট অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়না বলে সংস্কারের জন্য সংলাপের ক্ষেত্রেও তারা আন্তরিক নয়।
বাংলাদেশে নব নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত এফ. ব্রিট হ্যাগস্ট্রম মঙ্গলবার সুধাসদনে সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা এই অভিযোগ করেন।
প্রায় এক ঘন্টার বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে সুইডিশ রাষ্ট্রদূত অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আমরা আশা করি বাংলাদেশের পরবর্তী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচনী প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় থাকবে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি, পরিবেশ বিষয়ক সম্পাদক ড. হাসান মাহমুদ এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।
