সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার বন্ধ করে তাদের বাক স্বাধীনতা নিশ্চিত করতে সরকারকে শেখ হাসিনার আহবান
সংসদীয় বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার এক বিবৃতিতে সরকারকে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা বন্ধ এবং তাদের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি কুষ্টিয়ায় সাংবাদিকদের একটি প্রতিবাদ সমাবেশে সরকার দলীয় একজন সাংসদের নির্দেশে চার দলীয় জোটের ক্যাডার ও পুলিশ বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, বিএনপি জামাত সরকার দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এর পুলিশ ও ক্যাডার বাহিনী সাংবাদিকদের ওপর নির্যাতন হামলা ও মারধোর করে চলেছে। তিনি বলেন, হত্যার হুমকি পেয়ে বেশ কয়েকজন সাংবাদিক কুষ্টিয়া ছাড়তে বাধ্য হয়েছেন।
বিনা কারণে বিনা উষ্কানিতে পুলিশ সমাবেশে হামলা চালিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরীসহ ২০ জন সাংবাদিককে গুরুতর আহত করে।
হামলাকারীদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
