২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক নিহত

কুড়িগ্রাম রৌমারীর আলগার চর সীমান্তে সোমবার দুপুরে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক নিহত হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহতের নাম আনিছুর রহমান (২৮)। সে আলগারচর গামের ফয়জল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর সোয়া ১২টার দিকে ১০৭২ নং আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ্ববর্তী জিরো লাইন সংলগ্ন জমিতে আনিছুর রহমান ঘাস কাটছিলো। এ সময় ভারতের বলদানগীরি বিওপি’র অধিনস্ত বাগানবাড়ি ক্যাম্পের বিএসএফের একটি টহলদল বিনা উস্কানিতে গুলি করে আনিছুরকে হত্যা করে। পরে তার লাশ টেনে ভারত সীমান্তের মধ্যে নিয়ে যায়।

সুত্র আরও জানায়, বিএসএফ’র সীমান্তের নোম্যান্স ল্যান্ডের কাছে বাংলাদেশীদের দেখামাত্র গুলি করে হত্যার হুমকি দিয়ে রেড এলার্ট জারির তৃতীয় দিনের মাথায় এ হত্যাকা- ঘটানো হয়।

ভারতীয় সংঘবদ্ধ গরুচোরদের অপতৎপরতাকে কেন্দ্র করে বিএসএফ একতরফাভাবে এ রেড এলার্ট জারি করেছে বলে জানা গেছে।

এদিকে সীমান্তবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছু দিন যাবত ভারতের একাধিক চোরের দল গরু চুরি করে এনে বাংলাদেশী কতিপয় চোরাকারবারিদের কাছে বিক্রি করছে।

বিডিআর বিওপি’র কোম্পানী কমান্ডার শরিফ উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাংলাদেশী কৃষকের লাশ ফেরত চেয়ে ইতিমধ্যে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ লিপি ভারতের কালাইচর বিএসএফ কোম্পানী সদর দপ্তরে পাঠানো হয়েছে। তবে এখনও বিএসএফ এ প্রতিবাদের কোন জবাব এবং লাশ ফেরত দেয়নি।

এ ঘটনায় রৌমারী ও রাবিজপুর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়া সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামের অধিবাসীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।