২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি জামাত জোট ক্ষমতা কুক্ষিগত রাখতে সরকার পদ্ধতি পরিবর্তন করে নির্বাচন বানচাল করতে চায়: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত বিএনপি জামাত জোট তাদের কৃত অপকর্ম ও দুঃশাসনের কারণে মানুষের ভোট পাবে না বলে আগামী নির্বাচন বানচাল করতে চায়। তারা সরকার পদ্ধতি পরিবর্তন করে ক্ষমতা কুক্ষিগত রাখতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত দলের উপদেষ্টাম-লীর সভায় তিনি এ কথা বলেন।

আদালতের রায় উপেক্ষা করে ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বর্তমান সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) এবং দুই ইসিকে (নির্বাচন কমিশনার) অবশ্যই অপসারণ করতে হবে। কারণ তাদের অধীনে দেশে কোনো অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না।

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি জামাত জোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আবার ক্ষমতায় আসতে চায়। সংস্কার বাস্তবায়ন হলে মানুষ ওদের আর ভোট দেবে না। তাই নির্বাচনে কারচুপির নানা কলাকৌশল করছে তারা।

সরকারকে হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেন, নির্বাচন বানচাল এবং কারচুপির ষড়যন্ত্র বন্ধ করতে হবে। সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

এজন্যে চলমান আন্দোলন এগিয়ে নিতে দলের সর্বস্তরের নেতা কর্মী এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনার প্রারম্ভিক বক্তব্য শেষে উপদেষ্টাম-লীর রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের উপদেষ্টাম-লীর ৪১ জন সদস্যের মধ্যে ৩৮ জন উপস্থিত ছিলেন।