পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পের কাজে হতাশাজনক অগ্রগতিতে স্থায়ী কমিটির অসন্তোষ প্রকাশ
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের গৃহিত ৬৫টি চলমান প্রকল্পের হতাশাজনক অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে এর জন্য দায়ী ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছে।
একই সাথে কমিটি মন্ত্রণালয়কে নতুন কোনো প্রকল্প না নিয়ে ইতোপূর্বে নেওয়া প্রকল্পগুলোর কাজ যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন।
জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত বৈঠকে কমিটি মন্ত্রণালয়ের গৃহীত চলতি বছরের ৬৫টি প্রকল্প এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে।
বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি সরকার দলীয় সাংসদ এমএ মতিন সাংবাদিকদের জানান, মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন প্রকল্পে অর্থবছরের শেষ সময়ে এসেও অগ্রগতি ৫০ শতাংশেরও নীচে। অনেক ঠিকাদার কাজের অনুমতিপত্র পাওয়ার পরও বিভিন্ন কারণে কাজ শুরু না করার কাজের তেমন কোনো অগ্রগতি হয়নি।
এজন্য কমিটি অসন্তোষ প্রকাশ করে ওইসব দায়িত্বহীন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করে ভবিষ্যতে কোনো দরপত্রে অংশ নেওয়া থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে।
তিনি জানান, বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ভাড়ার জন্য বর্তমানে প্রতিমাসে প্রায় দেড় কোটি টাকা ব্যয় হচ্ছে। এ ব্যয় রোধে গ্রীণ রোড এলাকায় মন্ত্রণালয়ের নিজস্ব নয় একর জমিতে ২৪ তলা বিশিষ্ট ‘পানি ভবন’ নির্মাণের সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়।
তিনি জানান, এজন্য ইতোমধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। পরামর্শকরা এ বিষয়টি যাচাই বাছাই এবং পরীক্ষা নিরীক্ষা সম্ভাব্য ব্যয়সহ প্রতিবেদন দাখিল করবেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের বাজেট থেকে পানি ভবন নির্মাণের কাজ শুরু হবে।
এমএ মতিন জানান, বিগত সরকার আমলে দখল হয়ে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের গ্রীণ রোডের রেস্ট হাউসটি উদ্ধারে পদক্ষেপ নেওয়ার জন্য পাউবোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে কমিটির সদস্য আওয়ামী লীগ সাংসদ আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, খাল খনন এবং নদী ভাঙ্গন রোধে মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কাজ চলতি বছরের এপ্রিলের মধ্যে শেষ করতে বলা হয়েছিল। কিন্তু এখনো এসব প্রকল্পের কাজ চলছে। অনেক জায়গায় বর্ষার পানি উঠে যাওয়ার পরও প্রকল্পের অর্থ ছাড় করা হচ্ছে।
এসব প্রকল্পে অনিয়ম হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
কমিটির সদস্য বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহম্মেদ, প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ, হারুনুর রশীদ, কেএম আনোয়ারুল ইসলাম, একেএম সেলিম রেজা হাবিব ও কাজী রফিকুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।
