২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট পরিস্থিতি নিয়ে অসন্তোষ পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী, ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সিলেটের রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন বলে গণমাধ্যমের রিপোর্টের সত্যতা স্বীকার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

জাতীয় অর্থনীতি পরিষদের (এনইসি) বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোববার তিনি বলেন, খবরটি আংশিক সত্য। আমি আমার ক্ষোভের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

এনইসি’র বৈঠকে ২০০৬--০৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং চলতি অর্থবছরের সংশোধিত কর্মসূচি অনুমোদন করা হয়।

সিলেট পরিস্থিতি এবং তার পদত্যাগের হুমকি বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অল্পদিনের মধ্যেই আপনারা প্রকৃত তথ্য জানতে পারবেন।

সিলেটের রাজনীতিতে নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে সাইফুর রহমান এবং অপর বিএনপি সাংসদ ইলিয়াস আলীর মধ্যে মারাত্মক বিবাদ দেখা দিয়েছে।

মন্ত্রী বলেন, রাজনীতির এক পর্যায়ে হতাশা ও ক্ষোভ দেখা দেয়।

রাজনৈতিক দল বিএনপি’র জন্যে তার অবদান ও ত্যাগের কথা উল্লেখ করে সাইফুর বলেন, তার সহকর্মীদের অনেকেই এখন আর বেঁচে নেই। ভাগ্যবশত তিনি এখনও বেঁচে আছেন।

সাইফুর রহমান জানান, এ সময়ের মধ্যে অনেকেই সিঁকি মন্ত্রী, আধা মন্ত্রী এবং পূর্ণ মন্ত্রী হয়েছেন, কিন্তু ১৯৭৪  থেকে ১৯৭৯ পর্যন্ত তিনি যেখানে ছিলেন, এখনও সেখানেই রয়েছেন।

দলীয় পরিকল্পনার ফলে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সাইফুর রহমান জানান। তিনি বলেন, যেহেতু এতে আর্থিক শৃঙ্খলা বিঘিœত হয়, তাই তা দেশের জন্যে বিপজ্জনক।

জাতীয় স্বার্থে তিনি সবসময় ব্যক্তিস্বার্থকে অবহেলা করেছেন বলেও তিনি জানান।