সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতির অবস্থার আরো উন্নতি
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের অবস্থার আরো উন্নতি হয়েছে। তবে একই সাথে তার শরীরে নতুন কিছু সমস্যাও তৈরি হয়েছে।
বঙ্গভবন থেকে রোববার দেওয়া অতি জরুরি বুলেটিনে এ কথা বলা হয়।
রাষ্ট্রপতির প্রেসসচিব এম. মোখলেসুর রহমান চৌধুরী গত ২৪ ঘন্টায় রাষ্ট্রপতির বাইপাস অপারেশন পরবর্তী অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান, চিকিৎসার ভাল দিক হচ্ছে রাষ্ট্রপতি চোখ মেলেছেন। তার কার্ডিয়াক আউটপুট বেড়েছে। আর পালমুনারী ইদেমা কমেছে।
তিনি জানান, একই সাথে নতুন সৃষ্ট সমস্যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতির প্রস্রাবের মাত্রা কমেছে। গত মধ্যরাত থেকে পর্যাপ্ত পরিমানে প্রস্রাব হচ্ছে না। প্রস্রাবের মাত্রা ৬০ এমএল প্রতি ঘন্টার পরিবর্তে প্রতি ঘন্টায় ৩০/৪০ এমএল হচ্ছে।
তিনি আরো জানান, বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২ টায় প্রস্রাব স্বাভাবিক করার জন্য রাষ্ট্রপতির কন্টিনিউয়াস ভেনু ভেনাস হেমোডিয়া বা সিভিভিএইচ দেওয়া হচ্ছে। ডায়ালিসিসের অন্য কয়েকটি পদ্ধতি ঠিক মতো কাজ না করার পর এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। আরো সমস্যা হচ্ছে, তার ফুসফুসের ডানদিকে কিছু ইনফেকশন আছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব কার্ডিয়ালজিস্ট ডা. মরিস চু ও কার্ডিয়াক সার্জারি ডা. এমসি চং কে উদ্ধৃত করে বলেন, তারা দুজনই গত ২৪ ঘন্টায় ক্রমাগতভাবে রাষ্ট্রপতির অবস্থার উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. শেখ বাহার হোসাইনও সেখানে রয়েছেন।
