নতুন ইসি গঠন করে ভোটার তালিকা হালনাগাদের দাবি করেছে আ.লীগ, দলের বর্ধিত সভা স্থগিত
আওয়ামী লীগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজ এবং নতুন দু’জন নির্বাচন কমিশনারকে অপসারণ করে আলোচনার ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের মাধ্যমে সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী ভোটার তালিকা হালানাগাদের দাবি জানিয়েছে।
দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা থেকে শুক্রবার এই দাবি জানানো হয়। দলের ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত করা হয় ইতিপূর্বে নির্ধারিত ৫ ও ৬ জুন দলের বিশেষ বর্ধিত সভা। এর বদলে শেখ হাসিনা আগামী ৩ জুন থেকে ঢাকায় ধারাবাহিকভাবে মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। ওই সকল সভায় আওয়ামী লীগের জেলা, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক অংশ নেবেন।
সন্ধ্যা সাতটা থেকে রাত ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত দীর্ঘ এই সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সভার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রথম দিন ৩ জুন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জ, ৪ জুন টঙ্গী, গাজিপুর ও নরসিংদী, ৫ জুন জামালপুর, শেরপুর ও নেত্রকোনা, ৬ জুন ময়মনসিংহ ও কিশোরগঞ্জ এবং ৮ জুন ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর ও মাদারিপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।
জানা যায়, দলের হাই কমান্ড আগামী ৩০ জুনের মধ্যে অসমাপ্ত সকল জেলার কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা থেকে ১৪ দলের আগামী ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার ব্যাপারে প্রয়োজনীয় কর্মকৌশল এবং প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হয়। ওই কর্মসূচি সর্বাতœকভাবে সফল করে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ সরকার বিরোধী চলমান আন্দোলন এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।
এছাড়া দেশের সার্বিক রাজনৈতিক, আর্থ -- সামাজিক এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
