রাষ্ট্রপতির চিকিৎসা নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ করে দেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে: বঙ্গভবন
বঙ্গভবন থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের চিকিৎসার ব্যাপারে কিছু পত্র পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভ্রান্তিকর খবর প্রকাশ করায় দেশ ও জাতির ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।
“এই সকল খবরের কাগজ এবং ইলেকট্রনিক মিডিয়া রাষ্ট্রপতির তথ্যের জন্যে দায়িত্বপ্রাপ্ত নন এমন ব্যক্তি বা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে”, বঙ্গভবন থেকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানানো হয়।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক ইনস্টিটিউশনের মর্যাদার সঙ্গে যে দেশ ও জাতির মর্যাদা জড়িত তা সংশ্লিষ্ট সকলকেই উপলব্দি করবেন বলে আশা প্রকাশ করা হয়।
বার্তাটিতে রাষ্ট্রপতির চিকিৎসা রাষ্ট্রপতি ও বঙ্গভবন সংশ্লিষ্ট বিষয়ে সঠিক তথ্য পরিবেশনের স্বার্থে রাষ্ট্রপতি ও বঙ্গভবনের মুখপাত্র রাষ্ট্রপতির প্রেস সচিবের দেওয়া তথ্য অনুসরণ করা ও প্রয়োজনে যোগাযোগ করার জন্যে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।
